সাকিবের প্রসঙ্গ উঠায় মাশরাফী-দুর্জয়ের নামও টানলেন তামিম

৫ দিন আগে
স্টেডিয়াম সংস্কার, ঘরোয়া ক্রিকেটে নতুন লিগের প্রবর্তনসহ বেশকিছু বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে আজ (৩০ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন ডেকেছিল বিসিবি। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল প্রথম কয়েকটি সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর না দিলেও এবার প্রশ্নোত্তর পর্ব রাখা হয়েছে। অনুমিতভাবেই সেখানে উঠে এসেছে সাকিব আল হাসানের ক্রিকেটে ফেরার প্রসঙ্গ।

রাজনৈতিক কারণে ২০২৪ সালের আগস্টের পর থেকে জাতীয় দলের বাইরে সাকিব। গত বোর্ডের আমলে তাকে দেশে ফেরানোর বিষয়ে নানা পদক্ষেপ দেখা গেলেও আলোর মুখ দেখার আগেই চেয়ার ছাড়তে হয়েছে আমিনুল ইসলাম বুলবুলদের। দায়িত্বে আসার পর আজ তামিম প্রথমবার মুখোমুখি হলেন সাকিব প্রসঙ্গের। আর এই প্রশ্নের উত্তরে তামিম নিজেই টেনে এনেছেন জাতীয় দলের আরও দুই সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও মাশরাফী বিন মোর্ত্তজার কথা।


সাকিবের দেশে ফেরার প্রশ্নে তামিম বলেন, ‘আমাদের তিনজন সাবেক অধিনায়ক একই অবস্থায় আছেন। কাজেই আমি শুধু একজনকে নিয়ে কথা বলা ঠিক মনে করছি না। বিসিবি তাদের ক্রিকেটীয় জায়গা থেকে যেকোনো সহায়তা করতে সব সময় প্রস্তুত। আইনগত যে বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে আমাদের মন্ত্রী সাহেবও নমনীয় হওয়ার কথা বলেছেন। বিসিবি তাদের খোলামেলাভাবেই স্বাগত জানাবে যদি তারা তাদের সমস্যাগুলো সমাধান করে আসতে পারে।’


আরও পড়ুন: মিরপুর স্টেডিয়ামে সোলার সিস্টেম ও দর্শকদের জন্য শেড বানানোর উদ্যোগ বিসিবির


২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আরও অনেকের মতো মামলা হয়েছে সাকিব, মাশরাফি ও নাঈমুরের বিরুদ্ধে। তিনজনই সরাসরি যুক্ত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। সাকিব, মাশরাফী তৎকালীন সংসদ সদস্য থাকলেও নাঈমুর ছিলেন তার আগেরবার।


৩ জনের মধ্যে সাকিব দেশের বাইরে রয়েছেন। বাকি দুজনের অবস্থান এখন পর্যন্ত অজানা। আইনী জটিলতার কারণে তাদের কেউই জনসম্মুখে আসতে পারছেন না।

]]>
সম্পূর্ণ পড়ুন