সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই, শনিবার প্রেসক্লাবে জানাজা

২ সপ্তাহ আগে
সাংবাদিক, টেলিভিশন আলোচক জাকারিয়া কাজল আর নেই। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

৬৭ বছর বয়সী কাজল দীর্ঘদিন ধরে ডায়বেটিস এবং কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন।

 

জাকারিয়া কাজলের ছোটো ভাই মোহাম্মদ সোহেল গণমাধ্যমকে জানান, শনিবার (৭ ফেব্রুয়ারি) বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে জানাজার পর বনানী কবরস্থানে কাজলকে দাফন করা হবে।

 

অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাবেক সভাপতি কাজল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বও পালন করেছেন এক সময়।

 

১৯৫৯ সালের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন জাকারিয়া কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর করেন। দৈনিক আজাদ, দৈনিক ইনকিলাব ও ডেইলি অবজারভারে কাজ করার পর কয়েকটি টেলিভিশন স্টেশনেও তিনি চাকরি করেছেন।

 

আরও পড়ুন: সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ

 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান প্রতিবেদক ছিলেন। সবশেষ যমুনা টেলিভিশনের হেড অব নিউজের দায়িত্বে ছিলেন।

 

মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও স্ত্রীকে রেখে গেছেন।

 

তার মৃত্যুতে ইআরএফ ও ডিআরইউ’র পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন