সময় টিভিতে প্রতিবেদনের পর প্রধানমন্ত্রীর নির্দেশ, দুই সপ্তাহেই চালু হলো সেতু

৬ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে দুই বছর ধরে অকেজো পড়ে থাকা কাচরার খালের সেতুটি অবশেষে যান চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে। সময় টিভিতে এ নিয়ে সংবাদ প্রচারের পর প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে মাত্র দুই সপ্তাহের মধ্যে সংযোগ সড়ক নির্মাণের কাজ শেষ করা হয়েছে। এর ফলে তিনটি ইউনিয়নের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে।

বুধবার (২৯ এপ্রিল) স্থানীয়রা জানান, সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাচরার খালের ওপর ৬০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মিত হলেও সংযোগ সড়ক না থাকায় তা কোনো কাজে আসছিল না। সামান্য বৃষ্টি বা জলাবদ্ধতা হলেই সেতুর নিচ দিয়েও চলাচল করা যেত না। বাধ্য হয়ে ১০ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হতো।

 

এ নিয়ে গত বছরের ১৯ নভেম্বর সময় সংবাদে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি সেতুটি সরেজমিনে দেখতে এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

 

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম গত ২৫ মার্চ ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ১৫ দিনের মধ্যে সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চলাচলের উপযোগী করার ঘোষণা দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ সম্পন্ন হওয়ায় এখন সেতুর ওপর দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করছে।

 

আরও পড়ুন: মধ্যরাতে সীমান্ত পথে জ্বালানি তেল পাচারের চেষ্টা, অতঃপর...

 

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, বর্ষা মৌসুমের আগেই সংযোগ সড়ক নির্মাণ হওয়ায় তাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে। ফসল থেকে ধান তুলতেও কৃষকদের আর কষ্ট হবে না। শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা মুকুল বিশ্বাস সময় সংবাদকে বলেন, ‘সেতুটি নির্মাণ হয়েছিল প্রায় দুই বছর আগে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় তা পড়ে ছিল। বর্ষার সময় ভোগান্তি কয়েক গুণ বেড়ে যেত। বাধ্য হয়ে ১০-১২ কিলোমিটার পথ ঘুরে যেতে হতো।’

 

তরিকুল ইসলাম নামের আরেক পথচারী জানান, সেতু থাকলেও তা কোনো কাজে আসছিল না। সময় টিভিতে সংবাদ প্রকাশের পর এটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। প্রতিমন্ত্রীর আশ্বাসে ১৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন হওয়ায় এখন এলাকার মানুষ সুবিধা পাচ্ছেন।

 

তাৎক্ষণিকভাবে সেতুতে যান চলাচল শুরু হলেও সংযোগ সড়কের সুরক্ষা দেয়াল নির্মাণসহ শেষাংশের কাজ এখনও বাকি রয়েছে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন করার আশা করছেন সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আজহারুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা আসার পর দুই সপ্তাহের মধ্যেই সংযোগ সড়কের কাজ শেষ করে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।’

 

তিনি আরও জানান, জমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়কের নির্মাণকাজ আটকে ছিল। প্রকল্পের মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত থাকলেও এর আগেই শতভাগ কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

আরও পড়ুন: মহানন্দা রাবার ড্যামে মানুষের ভিড়, ঝুঁকি এড়াতে নিরাপত্তা জোরদার

 

গত ২৫ মার্চ সেতু পরিদর্শনে গিয়ে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছিলেন, ‘সাত কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়কের কারণে তা কোনো কাজে আসছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।’

 

সে সময় তিনি আরও বলেছিলেন, ‘মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ১৫ দিনের মধ্যে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক সব ধরনের সহযোগিতা দেয়া হবে।’

 

জানা গেছে, ৬০ মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৯০ লাখ ৯২ হাজার টাকা। প্রকল্পের কাজ শেষ হওয়ার মেয়াদ ছিল গত বছরের ৬ মার্চ। পরে সময় বাড়িয়ে চলতি বছরের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন