সব ধরনের ফুটবল থেকে অবসরে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক

৫ দিন আগে
বাংলাদেশের ফুটবল জগতের এক পরিচিত মুখ মামুনুল ইসলাম। অবশেষে তার দীর্ঘ পেশাদার ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ঘোষণা দিয়েছেন, আগামী ১ মে বিকেল ৩টা ৩০ মিনিটে ফর্টিস এফসি ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচ দিয়েই তিনি বিদায় জানাবেন প্রতিযোগিতামূলক ফুটবলকে।

রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। দেশের ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক বিশেষ মুহূর্ত, যেখানে প্রিয় ফুটবলারের শেষবারের মতো মাঠে দেখার সুযোগ মিলবে। 

 

আরও পড়ুন: বিশ্বকাপের আগে নিরাপত্তা শঙ্কা, হোমল্যান্ড সিকিউরিটি পুনরায় চালুর দাবি হোয়াইট হাউসের

 

নিজের বিদায়ী ম্যাচকে ঘিরে মামুনুল ইসলাম ভক্ত-সমর্থকদের উদ্দেশে জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ দিনে তাদের উপস্থিতিই হবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি। দীর্ঘদিন দেশের ফুটবলকে সেবা দেওয়া এই মিডফিল্ডারের বিদায় তাই শুধু একজন খেলোয়াড়ের অবসর নয়, বরং বাংলাদেশের ফুটবল ইতিহাসের একটি আবেগময় অধ্যায়ের সমাপ্তি। 

 

জাতীয় দলের জার্সিতে ৫৯টি ম্যাচ খেলে ৩ গোল করা মামুনুল ইসলাম ক্লাব ফুটবলেও রেখে গেছেন সমৃদ্ধ পদচারণা। দেশের প্রায় সব শীর্ষ ক্লাবেই খেলেছেন তিনি— আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়াচক্র, মুক্তিযোদ্ধা সংসদ, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পাশাপাশি চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের জার্সিতেও মাঠ মাতিয়েছেন এই মিডফিল্ডার। 

 

আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন আফগান মেয়েরা

 

বর্তমানে ফর্টিস এফসির হয়ে খেলছেন মামুনুল, আর এই ক্লাবের জার্সিতেই ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০২২ সাল থেকে ফর্টিসের হয়ে নিয়মিত খেলছেন অভিজ্ঞ এই ফুটবলার। দেশের গণ্ডি পেরিয়ে এক সময় ইন্ডিয়ান সুপার লিগের দল আতলেতিকো ডি কলকাতারও অংশ হয়েছিলেন তিনি। 

 

জাতীয় দল থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার সুযোগ হয়নি মামুনুল ইসলামের। ২০০৮ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এই অভিজ্ঞ মিডফিল্ডার লাল-সবুজ জার্সিতে শেষবার মাঠে নামেন ২০২০ সালে, বুরুন্ডির বিপক্ষে। যদিও বিদায়ী ম্যাচ খেলার সুযোগ পাননি, তবুও দেশের ফুটবলে তার অবদান তাকে স্মরণীয় করে রাখবে।

]]>
সম্পূর্ণ পড়ুন