নিরাপত্তা উদ্বেগ জানিয়ে বাংলাদেশ বিশ্বকাপে তাদের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার দাবি তুলেছিল, কিন্তু আইসিসি সেই আবেদন নাকচ করে দেয়। বাংলাদেশের অনড় অবস্থানের জন্য তাদের সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেয়া হয়েছে। বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে না। কিন্তু আইসিসি, পিসিবি এবং বিসিবির দীর্ঘ সংলাপের পর গত সোমবার (৯ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকার অবস্থান পরিবর্তন করে ম্যাচটি খেলার অনুমতি দেয়।
এই ‘ইউ-টার্ন’ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার পাকিস্তানকে তীব্র সমালোচনা করেছেন।
আরও পড়ুন: ফিক্সিং কাণ্ডের জন্য দেশ ও ভক্তদের কাছে ক্ষমা চাইলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার
গাভাস্কার ইন্ডিয়া টুডেকে বলেন, ‘তারা (পাকিস্তান) বলেছিল তারা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। কিন্তু বাংলাদেশকে যখন শ্রীলঙ্কায় ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়নি, তখন কীভাবে বলছেন যে তাদের পাশে দাঁড়িয়েছেন? বাংলাদেশ তো টুর্নামেন্ট থেকেই বাদ পড়েছে। এই বিশেষ পরিস্থিতিতে আইসিসি কখনোই বাংলাদেশের উপস্থিতি বাবদ অর্থ আটকে রাখত না বা শাস্তি দিত না। এত শেষ মুহূর্তের পরিস্থিতিতে সেটা সম্ভবই ছিল না বলে আমার মনে হয়।’
ভারতের এই কিংবদন্তি বলেন, পাকিস্তান যদি সত্যিই বাংলাদেশের পাশে দাঁড়াতে চাইত, তাহলে পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ানো উচিত ছিল।
আরও পড়ুন: ২০১৬’র লড়াই এখনও লড়তে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে: স্যামি
তার ভাষায়, ‘আপনি বলতে পারেন যে বাংলাদেশের প্রাপ্য অর্থের অংশ পেতে সাহায্য করেছেন—হয়তো তা পেয়েছে। কিন্তু তাদের কি টুর্নামেন্টে ফিরিয়ে আনতে পেরেছেন? পারেননি। যদি সত্যিই বাংলাদেশের পাশে দাঁড়াতেন, তাহলে পুরো টুর্নামেন্ট থেকেই সরে যেতেন। শুধু ভারতের বিপক্ষে ম্যাচই কেন বাদ দিচ্ছেন? বাংলাদেশকে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অনুরোধে আপত্তি জানিয়েছিল শুধু ভারত নয়, আরও ১১–১২টি দেশ। অথচ তাদের সবার সঙ্গেই তো খেলতে যাচ্ছেন। তাহলে এসব কথা বলছেন কেন?’
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘এ’–এর ম্যাচে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের।

১ মাস আগে
৬







Bengali (BD) ·
English (US) ·