সতর্কতা জারির পরও বিমানবন্দরের অভ্যন্তরে ঢুকে পড়লেন ‘বহিরাগত’ যুবক, চলছে তদন্ত

৫ দিন আগে
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার আশঙ্কা নিয়ে গোয়েন্দা সতর্কতার পর দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা জোরদার করা হয়। কিন্তু পরদিনই কোনো বাধা ছাড়াই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ার অভিযোগ ওঠে জান্নাতুল ফেরদৌস নামে বহিরাগত এক যুবকের বিরুদ্ধে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, রানওয়ে নয় এপ্রোন বা র‌্যাম্পে (যেখানে বিমান পার্ক করা, যাত্রীদের ওঠা-নামা, মালামাল বোঝাই, জ্বালানি ভরা এবং ছোটখাটো রক্ষণাবেক্ষণ কাজ করা হয়) ঢুকে পড়েন ওই যুবক। তাৎক্ষণিক তাকে আটক করে নিরাপত্তাকর্মী।

গত মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর ৬টা ২১ মিনিটে এই ঘটনা ঘটে। ওই যুবকের বিমানবন্দরের অভ্যন্তরে হাঁটার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যখন দেশের সব বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, ঠিক সেই সময় কীভাবে একজন ব্যক্তি অনায়াসে রানওয়ে সংলগ্ন এলাকায় ঢুকে পড়লেন, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়।

 

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ সময় সংবাদকে জানিয়েছেন, ‘রানওয়েতে নয়। অভ্যন্তরিণ টার্মিনালের একটি গেট দিয়ে বিমাবন্দরের ভেতরে এপ্রোন এলাকায় প্রবেশ করে ওই যুবক। সেখান থেকে তাকে আটক করে নিরাপত্তাকর্মীরা। পরে ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করলে সত্যতা সাপেক্ষে অভিযুক্তকে স্বজনের জিম্মায় ছেড়ে দেয়া হয়।’

 

তবে নিরাপত্তা সদস্যদের চোখ এড়িয়ে কীভাবে তিনি অ্যাপ্রোন এলাকায় গেলেন, এ বিষয় তদন্ত করা হচ্ছে বলেও জানান নির্বাহী পরিচালক। তিনি বলেন, ‘এ ঘটনায় গাফিলতিকে বিবেচনায় দেখা হচ্ছে।’

 

আরও পড়ুন: আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

রাগিব সামাদ বলেন, ‘ম্যাজিস্ট্রেটের কাছে দেয়া বক্তব্য অনুযায়ী, জান্নাতুল ফেরদৌস মেহেরপুর থেকে তার মামাকে রিসিভ করতে বিমানবন্দরে এসেছিল। বিমান অবতরণে দেরি হওয়ায় কাছ থেকে বিমান দেখার উদ্দেশ্যে তিনি  কোনোভাবে ভেতরে চলে যায়।’

 

সম্প্রতি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় একটি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দফতরের ডিআইজি (কনফিডেনশিয়াল) কামরুল আহসানের সই করা একটি দাফতরিক চিঠির মাধ্যমে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই সতর্কতা জারি করা হয়।

 

আরও পড়ুন: দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার, যা বলছেন বেবিচক চেয়ারম্যান

 

এরপরই উচ্চমাত্রার সতর্কতা জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সব স্থানে নজরদারি বাড়ানো হয়। কিন্তু গত মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে ঢুকে পড়েন জান্নাতুল ফেরদৌস নামে বহিরাগত এক যুবক। 

]]>
সম্পূর্ণ পড়ুন