সকাল সকাল ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ভোটাররা

৪ সপ্তাহ আগে
ভোরের আলো ফোটার পরপরই ভোটকেন্দ্রের সামনে ভোটারদের লাইন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। রাজধানী ঢাকার কেরানীগঞ্জের কয়েকটি কেন্দ্রে দেখা যাচ্ছে এমন চিত্র।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ কার্যক্রম, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

 

কেরানীগঞ্জের ১০৬ নং খেজুরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূর মোহাম্মদ নুরু মিয়া উচ্চ বিদ্যালয়, চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজসহ আশেপাশের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, জাতীয় পরিচয়পত্র হাতে দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন ভোটাররা। কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ পরিবারের সদস্যদের নিয়ে সকাল সকাল দাঁড়িয়েছেন ভোটের লাইনে।

 

কেন্দ্রগুলোতে যথাসময়ে শুরু হয় ভোটগ্রহণ। ভোটাররা সুশৃঙ্খলভাবে কেন্দ্রের ভেতরে প্রবেশ করছেন এবং ভোট দিয়ে বের হয়ে আসছেন। তাদের চোখে-মুখে ভোট দিতে পারার অনুভূতি স্পষ্ট। ভোট দেয়া শেষে কেউ কেউ ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে সেলফি তুলেছেন। তরুণ ভোটাররা বলছেন, ভিড় এড়াতে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে সকালেই কেন্দ্রে এসেছেন তারা।

 

আরও পড়ুন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, সকাল থেকেই লাইনে ভোটাররা

 

একটি কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে এলেন তরুণ ভোটার আকাশ। তার অনুভূতি জানতে চাইলে তিনি বললেন, ‘প্রথমবার ভোট দিলাম, অনুভূতিটা সত্যিই দারুণ। মনে হচ্ছে, দেশের ভবিষ্যৎ গড়ার অংশ হতে পারলাম। একই কেন্দ্রে ভোট দিয়ে বের হলেন এক তরুণী।

 

লামিয়া নামে এই ভোটার বললেন, ‘সকাল সকাল এসে ভোট দিতে পেরে ভালো লাগছে। শান্ত পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি।’

 

ভোট দিলেন মধ্যবয়সি ভোটার কারামত আলী। তিনি বলেন, ‘৯৬ থেকে ২০১০ সাল পর্যন্ত কোরিয়া ছিলাম। এরপর দেশে আসলেও একবারও ভোট দিতে পারিনি। এটাই আমার প্রথম ভোট। অন্যরম অনুভূতি। বয়স আমার বয়ষ এখন ৫৩। এই বয়সে এসে প্রথম ভোট দিচ্ছি। এটা কেউ বিশ্বাস করবে না।’

 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ছে। আগামী কয়েক ঘণ্টায় এটা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

 

আরও পড়ুন: চার উপায়ে ঘরে বসেই জানুন আপনার ভোটকেন্দ্র কোথায়

 

এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।

 

এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।

 

জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন