শ্রীলঙ্কাকে উড়িয়ে জয়ে সুপার এইট পর্ব শুরু ইংল্যান্ডের

২ সপ্তাহ আগে
আগে ব্যাট করতে নেমে ভেল্লালাগে-থিকশানার স্পিন ঘূর্ণিতে দাঁড়াতেই পারেননি ইংলিশ ব্যাটাররা। বাকিদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই করেন ফিল সল্ট। শেষ পর্যন্ত সল্টের ৪০ বলে ৬২ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। জবাব দিতে নেমে লঙ্কানদের শুরুটাও হয় যাচ্ছে তাই। রশিদ-উইল জ্যাকস-আর্চারদের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হলো লঙ্কান ব্যাটারদের। শেষ পর্যন্ত একশ’র আগেই শ্রীলঙ্কাকে অলআউট করে দেয় ইংল্যান্ড। ৫১ রানের বড় জয়ে সুপার এইট পর্বে দারুণ শুরু পেলো হ্যারি ব্রুকের দল।

রোববার (২২ ফেব্রুয়ারি) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। তবে ওপেনিং জুটিতে ভালো শুরু পায়নি ইংলিশরা। স্কোরবোর্ডে ১৬ রান যোগ হতেই জস বাটলারের উইকেট হারায় তারা। ১৪ বলে ৭ রান করা বাটলারকে এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলেন দুনিথ ভেল্লালাগে।

 

দ্বিতীয় উইকেট জুটিতে জ্যাকব বেথেলকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন সল্ট। কিন্তু দলীয় ৩২ রানের মাথায় বেথেলেও আউটে বৃথা যায় সেই চেষ্টাও। মহেশ থিকশানার বলে মধুশঙ্কার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৪ বলে ৩ রান।

 

আরও পড়ুন: ভারতের বিপক্ষে ‘চাপে আটকে’ যাচ্ছে পাকিস্তান: শোয়েব আখতার 

 

ইনিংস বড় করতে পারেননি টম ব্যান্টনও। ৭ বলে ৬ রান করে রানআউটে কাটা পড়েন এই ব্যাটার। হ্যারি ব্রুক ও স্যাম কারান চেষ্টা করেও থিতু হতে পারেননি উইকেটে। ৭ বলে ১৪ রান করে ভেল্লালাগের বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন ব্রুক। আর ১১ বলে ১১ রান করা স্যাম কারানকে সাজঘরে ফেরান চামিরা।

 

দলীয় ১০৬ রানের মাথায় ফিল সল্টকে থামান দুনিথ ভেল্লালাগে। ৪০ বলে ৬২ রান করে করে দুশান হেমান্থ’র হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সল্ট। এরপর লিয়াম ডসন (৬), উইল জ্যাকস (২১) ও জফরা আর্চার (০) ফিরেছেন দ্রুতই। জেমি ওভারটন অপরাজিত ছিলেন ১০ রানে। শ্রীলঙ্কার হয়ে দুনিথ ভেল্লালাগে শিকার করেন ৩ উইকেট। এছাড়া দুনিথ ভেল্লালাগে ও মহেশ থিকশানা নেন ২টি করে উইকেট।

 

আরও পড়ুন: বিসিবির ন্যূনতম স্ট্যান্ডার্ড আছে, কথাবার্তা বুঝে বলা উচিত: আসিফের মন্তব্য নিয়ে ফাহিম 

 

জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারার ওপেনিং জুটি থেমেছে দলের ১৫ রানের মাথায়। ৮ বলে ৯ রান করে সাজঘরে ফিরেন নিশাঙ্কা। এরপরই শুরু লঙ্কানদের ব্যাটিং ধস। টপ-অর্ডারের চার ব্যাটার সাজঘরে ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। এর মধ্যে পাভান রাথনায়েকে ফিরেছেন গোল্ডেন ডাক মেরে। 

 

পাওয়ারপ্লের মধ্যে আরও এক উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ১০ বলে ১০ রান করে বিদায় নেন দুনিথ ভেল্লালাগে। পাওয়ার প্লেতে ৩৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা।

 

এরপর কিছুটা লড়াই চালিয়েছেন কামিন্দু মেন্ডিস ও দাসুন শানাকা। ১১ বলে ১৩ রান করেন কামিন্দু। ২৪ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন শানাকা। শেষ পর্যন্ত ১৬.৪ ওভার শেষে ৯৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। আর তাতেই ৫১ রানের বড় জয় পায় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস শিকার করেছেন ৩ উইকেট। ২টি করে উইকেট শিকার করেছেন লিয়াম ডসন, জফরা আর্চার ও আদিল রশিদ। এছাড়া জেমি ওভারটন নিয়েছেন ১টি উইকেট।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন