শ্রমিকের ওপর হামলা: রংপুরে সড়ক অবরোধ-বিক্ষোভ

১৪ ঘন্টা আগে
রংপুরে বহুতল ভবন নির্মাণকাজ চলাকালে চাঁদা দাবিকে কেন্দ্র করে শ্রমিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নির্মাণ শ্রমিকরা। এতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় ও জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) দুপুরে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠের সামনে এ কর্মসূচি পালিত হয়। 


শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং কর্ম ক্ষেত্রে নিরাপত্তা চেয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দেন। সড়ক অবরোধ বিক্ষোভ কর্মসূচিতে রংপুর জেলার নির্মাণ শ্রমিক ছাড়াও বিভাগের আট জেলার নির্মাণ কাজের সংশ্লিষ্ট শ্রমিক ও নেতৃবৃন্দরা অংশ নেন।


শ্রমিকদের অভিযোগ, নগরীর প্রাইম হাসপাতাল এলাকার দেওডোবায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র নির্মাণাধীন ভবনে গিয়ে চাঁদা দাবি করে আসছে।


চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়া, শ্রমিকদের হুমকি দেওয়া এবং মারধরের মতো ঘটনা ঘটছে। সবশেষ এমনই একটি ঘটনায় এক শ্রমিককে বেধড়ক মারধর করা হয়। আহত ওই শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।


আরও পড়ুন: মিঠাপুকুরে শত বছরের ঐতিহ্যবাহী বারুনী মেলা, হাজারো মানুষের ঢল

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনি অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা। তারা বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত না হলে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা সম্ভব নয়। পাশাপাশি আইনি সুরক্ষা জোরদার এবং মালিকপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা দাবি করেন তারা।

 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন নির্মাণ শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সভাপতি ইসমাইল হোসেন। তিনি বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় বিভাগীয় শহর অচল করে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি জান তিনি।’


সমাবেশে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জহির আলম নয়ন। জানান, ফ্যাসিবাদ মুক্ত ২৪ বিপ্লবের পর দেশে আর কোন চাঁদাবাদ সন্ত্রাসবাদের ঠাঁই দেয়া হবে না। ‌ রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর যে নেককারজনক ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুঃখজনক। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তিনি।


এ বিষয়ে কোতোয়ালি থানা মহানগরের ওসি আযাদ রহমান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন