শিষ্যের সমালোচনা করার ঘটনায় ক্ষমা চাইলেন জার্মানির কোচ

১৪ ঘন্টা আগে
ঘানার বিপক্ষে ড্র করতে করতে জিতেছিল জার্মানি। ৩১ মার্চের ওই প্রীতি ম্যাচে শেষ মুহূর্তে জার্মানিকে জয় এনে দেন স্টুটগার্ট ফরোয়ার্ড ডেনিস উন্দাভ। কিন্তু গোল করার আগ মুহূর্ত পর্যন্ত তার খেলা ভালো লাগেনি জার্মানির কোচ হুলিয়ান নাগেলসম্যানের।

উন্দাভ জার্মানির হয়ে ৭ ম্যাচ খেলেই করেছেন ৪ গোল। তার ক্লাব পারফরম্যান্সও ভালো এ মৌসুমে ৪০ ম্যাচ খেলে করেছেন ২৩ গোল ও ১৩ অ্যাসিস্ট। তিনি বলেছিলেন, নিয়মিত গোল করে নাগেলস্যামের শুরুর একাদশে জায়গা করে নিতে চান। এই মন্তব্যে জার্মান কোচ স্টুটগার্ট ফুটবলারের সমালোচনা করেছিলেন।


নাগেলসম্যান বলেন, ‘সে নিজের কথাবার্তার মাধ্যমে নিজের ওপর চাপ তৈরি করেছে। যখনই সে কম গোল করতে শুরু করবে… তখন চাপে পড়বে। যদি সে এই চাপ সামলাতে পারে, তাহলে সেটা খুব ভালো। গোল করার আগে পর্যন্ত আমি তার পারফরম্যান্স ভালো মনে করিনি। আমার মনে হয়, গোল করার আগে সে মাত্র একবারই বল ছুঁয়েছিল।’


আরও পড়ুন: বায়ার্নের মাঠে রিয়ালের দুই তারকার ঝগড়া


এই মন্তব্য করে এবার উন্দাভের কাছে ক্ষমা চেয়েছেন ৩৮ বছর বয়সি জার্মান কোচ। জনসম্মুখে শিষ্যের সমালোচনা করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। উন্দাভ সেই ক্ষমা গ্রহণ করেছেন বলেও জানালেন এই কোচ।


নাগেলস্যাম বলেন, ‘এটা ঠিক হয়নি। জনসম্মুখে এভাবে বলা অনেক বেশি কঠোর হয়ে গেছে। আমি বলেছিলাম, এটা আমার বোকামি ছিল, আমি দুঃখিত। এটা একেবারেই অপ্রয়োজনীয় মন্তব্য ছিল, যার জন্য আমি পরের দিনই ডেনিসের কাছে ক্ষমা চেয়েছিলাম। সৌভাগ্যবশত, সে সেটা গ্রহণ করেছে। এখন আমাদের মধ্যে সবকিছু ঠিক আছে। ওই মুহূর্তে একই বিষয় নিয়ে অনেক প্রশ্ন আসায় আমি একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম।’

]]>
সম্পূর্ণ পড়ুন