শিক্ষকদের উন্নয়ন ছাড়া শুধু মন্ত্রী বদলে শিক্ষার মান বাড়বে না: শিক্ষামন্ত্রী

২ দিন আগে
শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে হলে সবার আগে শিক্ষকদের গুরুত্ব দিতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, কেবল মন্ত্রী পরিবর্তন করলেই শিক্ষার উন্নয়ন সম্ভব নয়; বরং যারা মানুষ গড়ার কারিগর, সেই শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন প্রয়োজন।

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোর পিটিআই মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়কে দেশের উন্নয়নের প্রধান ক্ষেত্র হিসেবে উল্লেখ করে বলেন, ‘অন্য দশটি মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা। আমি জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে চাই এবং শিক্ষকদের সঙ্গে নিয়ে একটি আধুনিক শিক্ষাব্যবস্থা গড়তে চাই।’ এ সময় তিনি বিরোধী দলসহ দেশের প্রতিটি সংসদ সদস্যকে প্রতিদিন শিক্ষা নিয়ে কথা বলার এবং সংসদে শিক্ষাবিষয়ক নোটিশ দেয়ার আহ্বান জানান।

 

সাবেক সরকারের সমালোচনা করে শিক্ষামন্ত্রী মিলন বলেন, ‘অতীতে অনেকেই নকলপ্রবণতাকে প্রশ্রয় দিয়েছেন। ২০০১ সালের পর সরকার কঠোরভাবে নকল নির্মূল করতে সক্ষম হয়েছে।’ তবে করোনা-পরবর্তী সময়ে নকলের ধরন পাল্টে ‘ডিজিটাল জালিয়াতি’ শুরু হয়েছে বলে তিনি সতর্ক করেন। এটি প্রতিরোধে শিক্ষক ও প্রশাসনকে আরও সজাগ হওয়ার নির্দেশ দেন তিনি।

 

পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা আনতে ১৯৮০ সালের শিক্ষা আইনের সংশোধনের ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, এখন থেকে পরীক্ষকদের মূল্যায়িত খাতা থেকে ‘র‍্যান্ডম স্যাম্পলিং’ বা নমুনা সংগ্রহ করে পুনরায় যাচাই করা হবে; যাতে শিক্ষকরা সঠিকভাবে নম্বর দিচ্ছেন কি না, তা নিশ্চিত করা যায়। পাশাপাশি নতুন ও দক্ষ পরীক্ষক তৈরিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

 

আরও পড়ুন: বেনাপোলে বিজিবির গাড়ির ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহী যুবকের

 

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং প্রশাসনিক জটিলতা কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও জন্মনিবন্ধনের সাথে সাথে একটি স্থায়ী আইডি নম্বর দেয়া হবে। এই একটি আইডি দিয়েই শিক্ষা, পুলিশি ভেরিফিকেশন, ব্যাংক অ্যাকাউন্ট এবং মৃত্যু পর্যন্ত সব সেবা নিশ্চিত হবে, যা শিক্ষাব্যবস্থাপনায় বিপ্লব ঘটাবে।

 

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকতা দিয়ে সদকায়ে জারিয়া অর্জন সম্ভব। কিন্তু শিক্ষকরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। অধিকাংশ শিক্ষক নিজের স্কুলে নিজের সন্তানদের পড়ান না।’ তিনি শিক্ষকদের নিজেদের প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখার এবং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

 

যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোসাম্মাৎ আসমা খাতুনের সভাপতিত্বে সভায় খুলনা বিভাগের ১০ জেলার সহস্রাধিক শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এতে সম্মানিত অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আবদুল আলিম এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম। এ ছাড়া আরও বক্তব্য রাখেন কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নুরুল হক।

]]>
সম্পূর্ণ পড়ুন