লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষ, একজন আটক

২ সপ্তাহ আগে
নাটোরের লালপুরে বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুল ও বিএনপির থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩ জন আহত হয়েছে। এ সময় নাটোর-১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ খলিলুর রহমান নামে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর এক সমর্থককে আটক করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আরবাব ইউনিয়নের কচুয়া বাজারে এ ঘটনা ঘটে।

 

আটক খলিলুর রহমান আরবাব ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

 

এ বিষয় বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু বলেন, এশার নামাজের পর আরবাব ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচুয়া নির্বাচনী অফিসে আমাদের কয়েকজন লোক বসেছিল। এসময় সালামপুর থেকে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর এক- দেড়শ সমর্থকরা কচুয়া বাজারে এসে মিছিল শুরু করে। মিছিলটি আমাদের অফিস অতিক্রম করে আবারো ঘুরে আসে।

 

একপর্যায়ে আমাদের অফিসে তারা হামলা চালিয়ে অফিস তছনছ করে দেয়। আমাদের প্রার্থী ও তারেক রহমানের ছবি ভাঙচুর করে। এ সময় আমাদের তিনজন সমর্থক আহত হয়। আমরা অভিযোগ করার জন্য থানায় এসেছি।

 

আরও পড়ুন: মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২

 

আটক খলিলুর রহমানের মুক্তির দাবিতে লালপুরে বিক্ষোভ করেছে টিপুর সমর্থকরা।

 

স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু হামলার অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান তার সমর্থকরা মিছিল করা অবস্থায় তাদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছে। তার সমর্থকরা হামলা করেনি।

 

আরও পড়ুন: কাপাসিয়ায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

 

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান,  যতটুকু জানতে পেরেছি আসনটির স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির ধানের শীষের প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। স্থানীয় জনগণ একজনকে আটকে রেখেছিল, তাকে পুলিশ আটক করে নিয়ে এসেছে। আটককৃত ওই ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থক। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন