রোনালদোকে ছাড়া পর্তুগাল মামুলি একটা দল: মরিনহো

২ সপ্তাহ আগে
দীর্ঘকাল পর্তুগালকে একাই টেনে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু সাম্প্রতিককালে তারকায় ঠাঁসা স্কোয়াড থেকে ৪১ বছর বয়সি মহাতারকাকেই বাদ দেয়ার দাবি তোলেন কেউ কেউ। কিন্তু ব্রুনো ফার্নান্দেস, বের্নার্দো সিলভা, ভিতিনিয়া, জোয়াও নেভেস, নুনো মেন্দেসদের মতো তারকার ভিড়ে রোনালদোই যে এখনও পর্তুগালের প্রাণভ্রমরা তার প্রমাণ মিলল মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচেই। আল নাসরের অধিনায়ককে ছাড়া খেলতে নেমে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল।

গতরাতে (২৯ মার্চ) এস্তাদিও আজতেকায় মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে বল দখলে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি পর্তুগাল। ৬১ শতাংশ বল দখলে রাখলেও গোলের পরিষ্কার সুযোগ তৈরিতে মুন্সিয়ানা দেখাতে পারেনি সফরকারীরা। স্বাগতিকদের রক্ষণদূর্গ ভাঙতে হিমশিম খেতে হয়েছে তাদের। এমন ম্লান পারফরম্যান্সের পর হোসে মরিনহো দাবি করেছেন, রোনালদোর অনুপস্থিতিতে পর্তুগালকে 'মামুলি দল' মনে হচ্ছে।


৪১ বছর বয়সি রোনালদো বর্তমানে পেশীর আঘাতের কারণে মাঠের বাইরে এবং তার অনুপস্থিতিতে পর্তুগাল এদিন মেক্সিকোর বিপক্ষে মোট ১০টি শট নিয়ে মাত্র দুইটি লক্ষ্যে রাখতে পেরেছে। প্রথমার্ধে গনসালো রামোসের শট পোস্টে লেগে প্রতিহত হয়। আর শেষের দিকে জোয়াও কান্সেলোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।


পর্তুগালের এক্সপেক্টেড গোল (xG) ছিল ১.৪, যেখানে ব্রুনো ফার্নান্দেস, জোয়াও কান্সেলো এবং পেদ্রো নেতো সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। এটি রবার্তো মার্টিনেজের দলের জন্য হতাশাজনক পারফরম্যান্স ছিল।

 

আরও পড়ুন: আর্জেন্টাইন তারকার গায়ে জিদানের জার্সি, রিয়াল মাদ্রিদকে নিয়ে জল্পনা


আসন্ন জুনের বিশ্বকাপকে সামনে রেখে, রোনালদোবিহীন পর্তুগালের পারফরম্যান্সের কঠোর সমালোচনা করেন মরিনহো।


তিনি বলেন, 'ক্রিস্টিয়ানো রোনালদোকে বাদ দিলে, পর্তুগাল দেখতে কোনো বিশেষ নয়, খুবই মামুলি একটা দল।'

মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে রোনালদোবিহীন পর্তুগাল।  ছবি: এপি


এই পর্তুগিজ আরও বলেন, 'লোকেরা বারবার আমাদের বলছে, তাকে (রোনালদো) ডাকবেন না। তবে সে খেলেনি, আর ফলাফল দেখলেন। কোনো হুমকি নেই, কোনো ভয় নেই প্রতিপক্ষের। শুধু মেক্সিকোর চাপে থাকা একটি দল। রোনাল্ডো মাঠে থাকলে প্রতিপক্ষ দুইবার ভাববে। তার ছাড়া, তারা একবারও ভাবেনা।'

 

আরও পড়ুন: বিশ্বকাপের জন্য আমরা অনেকটাই প্রস্তুত: দেশম


আগামী মঙ্গলবার (৩১ মার্চ) পর্তুগাল তাদের পরবর্তী ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। এই ম্যাচেও রোনালদো স্কোয়াডের বাইরে থাকবেন।


এই পর্তুগিজ যদি সময়মতো সেরে ওঠেন এবং পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পান তবে তার সামনে রেকর্ডের হাতছানি।  ডিআর কঙ্গো বা জামাইকার বিপক্ষে পর্তুগালের প্রথম ম্যাচে মাঠে নামামাত্র ষষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ড গড়বেন তিনি। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন