রূপগঞ্জে যুবদল ও আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

৪ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা মুজিবুর রহমান ও হরি আনন্দ নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার দক্ষিণবাগ এলাকায় যুবদল নেতা মজিবুর ও আওয়ামী লীগ নেতা হরি আনন্দ সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করতে গেলে স্থানীয় এলাকাবাসী বাধা দেন। পরে হরি আনন্দ তাদের হুমকি ধামকি দেন। মজিবুর রহমান রূপগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।


স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার দক্ষিণবাগ এলাকায় বেশকিছু সরকারি জমি রয়েছে। এসব সরকারি জমি রক্ষণাবেক্ষণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মাদ্রাসা নির্মাণের জন্য বরাদ্দ নেন রাশেদুল ইসলাম নামে স্থানীয় বাসিন্দা। সরকারি জমিটি জোরপূর্বক দখল করতে যুবদল নেতা মজিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা হরি আনন্দ ঘর নির্মাণ করতে যান। এসময় রাশেদুল ইসলামসহ স্থানীয়রা বাধা দিলে মজিবুর রহমান ও হরি আনন্দসহ তাদের লোকজন তাকে হুমকি-ধমকি দেন। এমনকি ঘর নির্মাণে আবার বাধা দিলে তিনি রাশেদুল ইসলামকে হত্যার পর গুম করে শীতলক্ষ্যায় ভাসিয়ে দেবে বলেও হুমকি দেন মোবাইল ফোনে। এতে করে রাশেদুল ইসলাম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। 

আরও পড়ুন: রূপগঞ্জে সাংবাদিক অপহরণ, মুক্তিপণ আদায়ের পর পুলিশের অভিযানে উদ্ধার

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জমি মাপার আমিন বলেন, ‘আমি নকশা অনুযায়ী মেপে দেখেছি, এটি সরকারি জমি।’

 
এ ব্যাপারে রাশেদুল ইসলাম বলেন, ‘আমি মাদ্রাসা নির্মাণের জন্য সরকারি জমিটুকু বরাদ্দ আনি। যেখানে হতদরিদ্র ও এতিম ছেলে মেয়েরা লেখাপড়া করবে। কিন্তু সেই জমিটিতে ঘর নির্মাণ করে দখলের পাঁয়তারা চালাচ্ছে মজিবুর রহমান নামে এক যুবদল নেতা ও হরি আনন্দ নামে এক আওয়ামী লীগ নেতা। আমি বাধা দিতে গেলে যুবদল নেতা মজিবুর রহমান আমাকে হত্যার হুমকি দেন।’


এ ব্যাপারে অভিযুক্ত যুবদল নেতা মজিবুর রহমান বলেন, ‘যে জমিটিতে ঘর নির্মাণ করা হচ্ছে সেটি সরকারি জমি নয়।’


এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি যেহেতু জানলাম সরেজমিনে গিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি সত্যতা পাওয়া যায় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন