রুমিন ফারহানার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

৪ সপ্তাহ আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন টিম।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরে ব্যারিস্টার রুমিন ফারহানার নিজ বাসভবনে এই সাক্ষাৎ হয়। 


এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬- এর সার্বিক প্রস্তুতি, নির্বাচনী পরিবেশ, ভোটারদের অংশগ্রহণ, প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষই গণতান্ত্রিক ধারাবাহিকতা ও নির্বাচনী স্বচ্ছতা রক্ষায় পারস্পরিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন বলে জানিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা।


আরও পড়ুন: সামনে রাম রাম পিছনে শয়তানের কাম: রুমিন ফারহানা


এ দিকে রাতে সরাইল উপজেলার সূর্যকান্দি গ্রামে আয়োজিত একজন সভায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘বিদেশি পর্যবেক্ষকদের নজর এই এলাকায় আছে। এই আসনে আছে। আমি ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেছি। তারা এসেছিলেন আমার বাসায়, শাহবাজপুরে আমার বাসায় বসেছেন। আমার সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেছেন।’


তিনি বলেন, ‘কেউ যদি মনে করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন এই আসনে, তাদের আমি সাবধান করে দেই। একইসঙ্গে এই কথাও মনে করিয়ে দেই, কোনো দল যেন, মনে না করে তারাই আগাম সরকার গঠন করতে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন তাদের অনুগত হতে বাধ্য।’


আরও পড়ুন: আমার হাঁস, আমার চাষ করা ধানই খাইবো: রুমিন ফারহানা


আগামী ১২ ফেব্রুয়ারি ভোট কিন্তু পুরো রাজনীতির চেহারাও পাল্টে দিতে পারে জানিয়ে রুমিন বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা আপনাদের মার্কা হাঁস। হাঁস মার্কা জনগণের মার্কা। হাঁস মার্কা উন্নয়নের মার্কা। হাঁস মার্কা সাহসের মার্কা। অন্যায়ের বিরুদ্ধে একা হলেও দাঁড়িয়ে লড়াই করার মার্কা।’


তিনি আরও বলেন, ‘আপনারা ১১ ও ১২ ফেব্রুয়ারি হাঁসের পাশে থাকবেন। হাঁসের কাণ্ডারি হিসেবে, আপনাদের বিপদে-আপদের কাণ্ডারি হিসেবে পাশে থাকবো। আমি নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়ে সরাইল আশুগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।’ 

]]>
সম্পূর্ণ পড়ুন