‘এনফোকাদোস’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী ভিদালকে প্রশ্ন করা হয় রিয়ালের বিপক্ষে তার অভিজ্ঞতা নিয়ে। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি রিয়ালের কাছে লুটের শিকার হয়েছি। বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে দুটি ম্যাচে, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে তারা আমাদের ছিটকে দেয়।’
এখানেই থামেননি চিলিয়ান তারকা। তার ভাষায়, ‘ভিএআর এসেছে রিয়ালের কারণেই। তার আগে খুব বেশি প্রতারণা হতো। তাই ভিএআর আবিষ্কার করা হয়েছে, যাতে আর লুটপাট না হয়।’
আরও পড়ুন: ইনজুরিতে পড়েছেন রোনালদো, বিশ্বকাপ খেলতে পারবেন তো
ভিদালের ক্ষোভের শিকড় ২০১৬-১৭ চ্যাম্পিয়ন্স লিগে। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্নের হয়ে খেলতে নেমে তিনি ৮৪তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। চ্যালেঞ্জে বল পরিষ্কারভাবে স্পর্শ করার পরও মার্কো অ্যাসেন্সিও’র বিরুদ্ধে ফাউলের সিদ্ধান্ত দেন হাঙ্গেরিয়ান রেফারি ভিক্তর কাসাই।
সেই ম্যাচে অতিরিক্ত সময়ে ৪-২ ব্যবধানে জেতে রিয়াল (অ্যাগ্রিগেটে ৬-৩)। ম্যাচজুড়ে বিতর্কিত কয়েকটি সিদ্ধান্তের সুবিধা নেন ক্রিস্টিয়ানো রোনালদো, যার মধ্যে অফসাইড বিতর্কও ছিল। ম্যাচ শেষে ক্ষোভে ফেটে পড়ে ভিদাল বলেছিলেন, ‘মাদ্রিদ ভয় পেয়ে গেলে রেফারি তার শো শুরু করেন। চ্যাম্পিয়ন্স লিগে এমন ডাকাতি হতে পারে না।’
ভিদালের মন্তব্য এমন সময়ে এলো, যখন রিয়াল আবারও রেফারিং বিতর্কে জড়িয়ে পড়েছে। সোমবার গেতাফের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে রিয়াল ডিফেন্ডার অ্যান্তোনি রুডিগারের একটি চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন ওঠে। গেতাফে ডিফেন্ডার দিয়েগো রিকো অভিযোগ করেন, ঘটনাটি ছিল ইচ্ছাকৃত আক্রমণ এবং সেখানে ভিএআর হস্তক্ষেপ না করায় বিস্ময় প্রকাশ করেন।
রিকো বলেন, ‘উল্টোটা হলে আমাকে হয়তো ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হতো। ভিএআর আছে এসব পরিস্থিতির জন্যই। এটা ছিল সরাসরি আক্রমণ।’
আরও পড়ুন: রিয়ালের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে সিরি আ'র কোচ
বর্তমানে নিজ দেশ চিলিতে কোলো কোলোর হয়ে খেলছেন ভিদাল। তার এমন বিস্ফোরক মন্তব্যে স্প্যানিশ ফুটবলে আবারও উত্তাপ ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই ব্যক্তিগত হতাশার বহিঃপ্রকাশ, নাকি ইউরোপীয় ফুটবলের এক দীর্ঘস্থায়ী বিতর্কের নতুন অধ্যায়?

১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·