সোমবার (১৩ এপ্রিল) রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের দুটি ভিন্ন স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামে কালু বড়ুয়া (৬৫) নামের এক বৃদ্ধকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত টাম্বু বড়ুয়াকে আটক করেছে পুলিশ।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, কালু বড়ুয়া ও টাম্বু বড়ুয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরে টাম্বু বড়ুয়া কৌশলে কালুকে ডেকে নিয়ে ভোরে মদ্যপান করান। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে কালুকে জবাই করে হত্যা করেন তিনি। ঘটনার পর হত্যার আলামতসহ অভিযুক্তকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাম্বু বড়ুয়া হত্যার দায় স্বীকার করেছেন।
অপরদিকে একই ইউনিয়নের শ্রীধনপাড়া এলাকায় মায়া তঞ্চঙ্গ্যা (১৫) নামে এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায়।
আরও পড়ুন: দুদিনের সফরে নিজ জেলা কক্সবাজারে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীধনপাড়ার বাসিন্দা সাধন বড়ুয়ার তিনতলা বাড়ির দ্বিতীয় তলার রান্নাঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় মায়াকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘মায়া প্রায় তিন বছর ধরে ওই বাসায় গৃহকর্মীর কাজ করত। ঘটনার দিন দুপুরে তার সঙ্গে গৃহকর্তার স্ত্রীর কথাকাটাকাটি হয়। এর জেরে অভিমান থেকে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর মূল কারণ জানা যাবে।’
উভয় ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
]]>

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·