রাতের আঁধারে ভোটকেন্দ্রে প্রবেশ করে অবরুদ্ধ জামায়াত প্রার্থী

১ মাস আগে
রাতের আঁধারে ভোট কেন্দ্রে প্রবেশ করায় ফরিদপুর-১ আসনের (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) জামায়াতের প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্যাকে অবরুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হলে খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। এতে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দশটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আশাপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

 

৩ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কেন্দ্রের গেটের ভেতর জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় বাইরে থেকে বিক্ষুব্ধ কয়েকজনকে বলতে শোনা যায়, রাতে কেন এসেছেন। পাল্টা জবাবে ওই প্রার্থী বলেন, নিয়ম আছে। নিয়ম জেনেই আমি ঢুকেছি। রাতে কেন ঢুকেছেন প্রশ্নের উত্তরে বলেন- ভিজিট করতে ঢুকেছি। এক পর্যায়ে তিনি গেট খুলে বেরিয়ে যান।

 

বিষয়টি নিয়ে জামায়াত প্রার্থী ড. ইলিয়াস মোল্যার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করলে সাড়া পাওয়া যায়নি। তবে তার একাধিক সমর্থক দাবি করেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কেন্দ্র দখলের খবর পেয়ে ওই প্রার্থী সেখানে ছুটে গিয়েছিলেন।

 

আরও পড়ুন: ফরিদপুরে সাবেক যুবলীগ নেতার স্ত্রীর নামে দুদকের মামলা

 

এ বিষয়ে জানতে চাইলে জেলা জামায়াতের আমির মো. বদরুদ্দীন বলেন, বিষয়টি জানা নেই। তারপরও এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

 

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

 

আরও পড়ুন: ফরিদপুরে ভোটারদের মাঝে ‘কালো টাকা’ ছড়াচ্ছেন কারা?

 

বিষয়টি নিশ্চিত করে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটানিং কর্মকর্তা রওশনা জাহান বলেন, রাতের আধারে এভাবে ভোট কেন্দ্রে প্রবেশের কোনো নিয়ম নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পরিবর্তন করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন