রাউজানে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

১ সপ্তাহে আগে
চট্টগ্রামের রাউজানে গুলি করে এক যুবককে হত্যার একদিন পর আবারও গুলির ঘটনায় নাসির নামে আরেকজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, একদল অস্ত্রধারী দুর্বৃত্ত নাসিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে একাধিক গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে। নাসিরের শরীরে একাধিক গুলি লেগেছে বলে জানা গেছে।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, নাসিরকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা জব্দ করা হয়েছে। নাসির পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে ছয়টি মামলা রয়েছে।

 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় কথা কাটাকাটির জেরে দ্বন্দ্ব, টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে রাউজান থেকে নাসিরকে চট্টগ্রাম মেডিকেলে আনা হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে রাউজানে সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যায়। গত দেড় বছরে রাউজানে অন্তত ২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যার মধ্যে ১৬টি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে গণমাধ্যমে খবর এসেছে।

 

এর আগে সর্বশেষ শনিবার ভোরে জঙ্গল রাউজান এলাকায় কাউসার জামান বাবলু নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন