মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে তারাগঞ্জ উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে চারটি সিসি ক্যামেরা চুরি হয়।
চুরি হওয়া কেন্দ্র দুটি হলো তারাগঞ্জ উপজেলার কুর্শা দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সয়ার ইউনিয়নের সয়ার ডারারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিটি কেন্দ্র থেকে দুটি করে মোট চারটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে বলে জানা গেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, সকালে বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। দ্রুত সময়ের মধ্যেই চুরি হওয়া সিসি ক্যামেরাগুলোর পরিবর্তে নতুন ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ শুরু করেছে।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কেন্দ্র দুটি থেকে ক্যামেরাগুলো খুলে নিয়ে যায়। সকালে ভোটকেন্দ্র সংশ্লিষ্টরা বিষয়টি টের পেয়ে প্রশাসনকে অবহিত করেন। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, রংপুর -২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) আসনে জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল, বিএনপির মোহাম্মদ আলী সরকার ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে ভোটার সংখ্যা তিন লাখ ৮০ হাজার ৯২১ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৮৮ হাজার ৬২৫ জন, পুরুষ ভোটার এক লাখ ৯২ হাজার ২৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন। ১৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

১ মাস আগে
৭







Bengali (BD) ·
English (US) ·