যে ইংলিশ তারকাকে ভারতের জন্য হুমকি মনে করেন গাভাস্কার

১ সপ্তাহে আগে
মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের আগে ভারতীয় দলকে বড় সতর্কবার্তা দিলেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তার মতে, ইংল্যান্ড অলরাউন্ডার উইল জ্যাকস ভারতের জন্য হতে পারেন বড় হুমকি।

চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা জ্যাকস সাত ম্যাচে করেছেন ১৯১ রান, রয়েছে একটি অর্ধশতক। পাশাপাশি বল হাতেও নিয়েছেন ৭ উইকেট। সুপার এইটে ইংল্যান্ড অপরাজিত থাকার পেছনে তার অবদান ছিল উল্লেখযোগ্য। গাভাস্কারের মতে, বিশেষ করে উইকেটে সামান্য টার্ন থাকলে জ্যাকস হয়ে উঠতে পারেন আরও ভয়ংকর।

 

ডিপি ওয়ার্ল্ড সেলিব্রিটি গলফ ইভেন্টে গাভাস্কার বলেন, ‘উইকেটে যদি সামান্য টার্ন থাকে, সে খুবই কার্যকর হতে পারে। সাঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব কিংবা হার্দিক পান্ডিয়া; কে কীভাবে তাকে সামলাবে, সেটাই ম্যাচের বড় ফ্যাক্টর হবে। সে এখন দুর্দান্ত ছন্দে আছে। সাত নম্বরে এমন একজন ক্রিকেটার থাকা বড় সুবিধা, যেমনটা সেদিন ভারতের হয়ে ছিল শিভাম দুবের ক্ষেত্রে।’

 

তিনি আরও যোগ করেন, ভারতীয় দলে দলে একাধিক বাঁহাতি ব্যাটার থাকলেও জ্যাকসের বিপক্ষে ডানহাতিদের বেশি দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, ‘বাঁহাতিদের হয়তো সে বেশি বল নাও করতে পারে। তাই ডানহাতি ব্যাটারদেরই তার বিপক্ষে বড় ভূমিকা নিতে হবে।’

 

আরও পড়ুন: সেমির ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা, নেই বাংলাদেশি কেউ

 

ভারত-ইংল্যান্ড লড়াইকে ‘ক্র্যাকার’ ম্যাচ আখ্যা দিয়ে গাভাস্কার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালের মতোই এটি হতে যাচ্ছে দারুণ এক ম্যাচ। দুই দলই ভারসাম্যপূর্ণ। ব্যাটিং, বোলিং, মিডল অর্ডার, ফিনিশার; সব বিভাগেই সমান শক্তিশালী এবং টি-টোয়েন্টি অভিজ্ঞতায় সমৃদ্ধ।’

 

জ্যাকসকে ভারতের অলরাউন্ডার শিভাম দুবের সঙ্গে তুলনা করে গাভাস্কার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুবে যেভাবে একটি ওভারে দুইটি বাউন্ডারি মেরে চাপ কমিয়েছিল, জ্যাকসও ঠিক তেমন প্রভাব ফেলতে পারে।’

 

আরও পড়ুন: আফ্রিদি মনে করেন ৫০ লাখ রুপি জরিমানা কোনো শাস্তিই নয়

 

সেমিফাইনালের এই লড়াইয়ে তাই ভারতের জন্য মূল চ্যালেঞ্জ হতে পারে জ্যাকস ঝড় সামাল দেওয়া। মুম্বাইয়ের মঞ্চে দুই শক্তিশালী দলের মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে যাবে, তা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় ফাইনাল নিশ্চিতের মিশনে মুখোমুখি হবে দুদল।

 

]]>
সম্পূর্ণ পড়ুন