যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তিসহ সব ধরনের দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে জাতীয় সংসদে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (২৪ মার্চ) ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
 

দেশের স্বার্থ রক্ষা করেই যে কোনো চুক্তি বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে বাণিজ্য চুক্তি হয়েছে, তা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। এই চুক্তিসহ অন্য সব চুক্তি নিয়ে সংসদে এবং সংসদের বাইরে আলোচনা হবে। বাংলাদেশের স্বার্থ সমুন্নত রেখেই আমরা সামনে এগোব।’ প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার পথও খোলা রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


শামা ওবায়েদ জানান, ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির প্রক্রিয়াটি বর্তমানে চলমান রয়েছে। একাত্তরের গণহত্যার স্বীকৃতি আদায়ে বিএনপি সরকার জোরালোভাবে কাজ করবে।


ভারতে গ্রেফতার হওয়া হাদী হত্যার আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, কনস্যুলার অ্যাকসেস পাওয়ার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে ভারতকে নিয়মিত ‘পুশ’ করা হচ্ছে। আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
 

আরও পড়ুন: দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর


শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের হাইকমিশনার এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া।


ইরানে বর্তমানে প্রায় ২ হাজার বাংলাদেশি অবস্থান করছেন, যাদের মধ্যে বড় একটি অংশ শিক্ষার্থী। তারা এখন পর্যন্ত নিরাপদ আছেন এবং তেহরান মিশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে বিশেষ ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে বলে জানান প্রতিমন্ত্রী।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে চলমান যুদ্ধাবস্থা নিরসনে কূটনৈতিক আলোচনার ওপর জোর দেন এবং যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

]]>
সম্পূর্ণ পড়ুন