যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ড: বৃষ্টির মরদেহ উদ্ধার নিয়ে সবশেষ যা জানা গেল

৫ দিন আগে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় নতুন নতুন তথ্য উঠে আসছে। তদন্তকারীরা শিক্ষার্থীদের নিখোঁজ হওয়া থেকে শুরু করে হত্যাকাণ্ড পর্যন্ত পাওয়া তথ্যের বিভিন্ন দিক জোড়া দিয়ে ঘটনার জট খোলার চেষ্টা করছেন।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী ছিলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি।

 

গত ১৬ এপ্রিল নিখোঁজ হন তারা। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার (২৪ এপ্রিল) টাম্পা বে এলাকায় একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একইদিন হিশাম আবুঘরবেহ নামে লিমনের রুমমেট মার্কিন নাগরিককে সন্দেহভাজন খুনি হিসেবে গ্রেফতার করা হয়।

 

গত ২৮ এপ্রিল এক সংক্ষিপ্ত শুনানিতে হত্যার অভিযোগে গ্রেফতার হিশামকে জামিন ছাড়াই কারাগারে আটক রাখার নির্দেশ দেন ফ্লোরিডার একটি আদালত।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড কীভাবে ঘটল, তদন্তকারীদের বর্ণনায় উঠে এল বিস্তারিত চিত্র

 

গত রোববার (২৬ এপ্রিল) হিলসবরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে বলা হয়, বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয়েছে। আদালতে জমা দেয়া নথি অনুযায়ী, লিমনের মরদেহ উদ্ধার করা হয় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে। এ ঘটনায় হিশাম আবুঘরবেহ’র বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

 

এ ঘটনায় আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ এখনও শনাক্ত হয়নি। গত ২৬ এপ্রিল হিলসবরো কাউন্টি শেরিফ অফিস জানায়, জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধারের স্থানসংলগ্ন এলাকায় আরও একটি অজ্ঞাত দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টির সন্ধানের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

একটি ফৌজদারি মামলার হলফনামায় বলা হয়েছে, গত ২৬ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের দক্ষিণে একটি মরদেহ (খন্ডিত অংশ) উদ্ধার করা হয়। ওই মরদেহের পরনে থাকা পোশাকের সঙ্গে সিসিটিভির ভিডিও ফুটেজে শেষবার নাহিদা বৃষ্টিকে দেখা যাওয়ার সময় তার পরনে থাকা পোশাকের মিল রয়েছে।

 

আরও পড়ুন: হিশামের বিরুদ্ধে ১৫ দিন আগেই অভিযোগ দেন লিমন, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

 

হলফনামায় বলা হয়, ‘উল্লেখ করা প্রয়োজন, নজরদারি ক্যামেরার ফুটেজে নাহিদা বৃষ্টিকে শেষবার যে আলাদা ধরনের পোশাকে দেখা গেছে, মরদেহটির পরনে থাকা পোশাকের সঙ্গে তার মিল আছে, দুটোই একই ধরনের পোশাক।’

 

এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার মরদেহ ইতোমধ্যে ফিউনারেল হোমে হস্তান্তর করা হয়েছে এবং দেশে পাঠানোর সব প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী সোমবার (৪ মে) তার মরদেহ ঢাকায় পৌঁছাতে পারে।

 

তথ্যসূত্র: টাম্পা বে ২৮

]]>
সম্পূর্ণ পড়ুন