রোববার তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি বলেন, ইরান ফুটবল ফেডারেশন (আইএফএফ) ইতোমধ্যে ফিফার কাছে এই অনুরোধ জানিয়েছে, তবে এখনো কোনো জবাব পায়নি।
তিনি বলেন, 'আমাদের এই অনুরোধ ফিফা মেনে নিলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে।'
ইসরাইল ও যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জবাবে তেহরান ইসরাইল, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি এবং উপসাগরীয় অঞ্চলের অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
এশিয়া থেকে সবার আগে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা ইরানের গ্রুপ পর্বের সব ম্যাচই যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: সৌদি ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিলেন বার্সা তারকা
যুদ্ধ শুরুর দুই সপ্তাহের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, ইরান তাদের ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে আসতে পারবে, তবে তিনি এটাও বলেন যে নিরাপত্তার দিক থেকে এটি উপযুক্ত হবে বলে তিনি মনে করেন না।
ট্রাম্পের মন্তব্যের জবাবে ইরান জাতীয় দল সোশ্যাল মিডিয়ায় জানায়, 'কেউই ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না।'
ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ বলেন, 'যখন ট্রাম্প নিজেই বলছেন যে তিনি ইরান দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরা অবশ্যই আমেরিকায় যাব না।'
তিনি আরও জানান, 'আমরা এখন ফিফার সঙ্গে আলোচনা করছি, যাতে ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজন করা হয়।'
তবে কয়েকদিন পরই ফিফা জানিয়ে দেয়, বিশ্বকাপের সব ম্যাচ আগেই ঘোষিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেন যে ভেন্যু পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।
তিনি বলেন, 'ড্র অনুযায়ী যেখানে ম্যাচ হওয়ার কথা, সেখানেই হবে।'
এই পরিস্থিতিতে আয়োজক ও ইরান ফুটবল কর্তৃপক্ষের মধ্যে কথার লড়াই ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। তবে ক্রীড়া মন্ত্রী দোনিয়ামালি জানান, দলের প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং 'বিশ্বকাপের জন্য দল প্রস্তুত থাকবে।'
তিনি ফিফার কাছে ইরান দলের খেলোয়াড় ও স্টাফদের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং ট্রাম্পের মন্তব্যকে 'নৈতিক ও যুক্তিগতভাবে অসংগতিপূর্ণ' বলে সমালোচনা করেন।
আরও পড়ুন: অনূর্ধ্ব-২০ সাফজয়ীরা পেলেন এক লাখ টাকা ও ক্রীড়াকার্ড
তিনি বলেন, 'এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে ইরানের ম্যাচ খেলার সম্ভাবনা খুবই কম। তবে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা পেলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।'
আগামী ১১ জুন মেক্সিকোতে উদ্বোধনী ম্যাচ গড়ানোর মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। পরদিন প্রথম ম্যাচ আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও কানাডা। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউইয়র্কের কাছে, নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে।
ইরানের প্রথম ম্যাচ ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে। একই ভেন্যুতে ৬ দিন পর তারা মুখোমুখি হবে বেলজিয়ামের। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৬ জুন সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

৬ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·