ময়মনসিংহে স্কুলছাত্রীদের উদ্দেশে বিকৃত আচরণ করা যুবক কারাগারে

৫ দিন আগে
ময়মনসিংহ নগরীতে নারী শিক্ষার্থীদের উদ্দেশে বিকৃত যৌন আচরণ করা মাহমুদুল হাসান (৪৫) নামে এক যুবককে আটক করে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়া দক্ষিণপাড়া গ্রামের মোজাম্মেল হক প্রামাণিকের ছেলে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


পুলিশ জানায়, ওই যুবক ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকায় একটি কাপড়ের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। গত প্রায় ছয় মাস ধরে তিনি নতুনবাজার এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ের সামনে ভোরবেলায় অবস্থান নিয়ে স্কুলগামী নারী শিক্ষার্থীদের উদ্দেশে বিকৃত যৌন আচরণ করে আসছিলেন।


গত বৃহস্পতিবার দুই শিক্ষার্থীকে লক্ষ্য করে একই ধরনের আচরণ করলে ঘটনাটি বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরে স্কুল কর্তৃপক্ষ তাকে আটক করে দোকান মালিকের আশ্বাসে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এরপর গত মঙ্গলবার ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।


আরও পড়ুন: নিজ বাড়ির উঠানে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, নাতি গ্রেফতার

পরে জেলা গোয়েন্দা পুলিশ প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বুধবার সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকা থেকে তাকে আটক করে।


ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১০ ধারায় যৌন নিপিড়নের অপরাধে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন