ময়মনসিংহের মুক্তাগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে আজিজুল হক (৩৫) নামের একজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে মুক্তাগাছা থানার পুলিশ ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজিজুল হক মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঝনকা বড়টেঙ্গর গ্রামের ইব্রাহিমের ছেলে। স্থানীয় লোকজনের দাবি, তিনি জামায়াতে ইসলামীর সমর্থক।
এ ব্যাপারে মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির শামসুল হক বলেন, আজিজুল হক দায়িত্বশীল কোনো পদে না থাকলেও তাঁদের সমর্থক। তিনি অশিক্ষিত মানুষ। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টটি অসাবধানতাবশত কিংবা অন্য কেউ শেয়ার দিতে পারে বলে আজিজুল তাঁদের জানিয়েছেন।
আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, মুক্তাগাছা থানার পুলিশ আজিজুল হক নামে একজনকে ৫৪ ধারায় আদালতে পাঠায়। পরে বিচারক শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি পেজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ছবিসহ পোস্ট করা হয়। সেটি আজিজুল হক নিজের ফেসবুক আইডি থেকে শেয়ার করেন। এটি ছড়িয়ে পড়লে বিএনপির নেতা–কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে পুলিশ আজিজুলকে গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঝনকা বাজার থেকে গ্রেপ্তার করে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করায় একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সংক্ষুব্ধ একজন এ নিয়ে থানায় মামলা করবেন, মামলার প্রস্তুতি চলছে।








Bengali (BD) ·
English (US) ·