রোববার (৩ মে) ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলের বিপক্ষে লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। মাতিয়াস কুনিয়া ও বেনিয়ামিন সিসকোর গোলে প্রথমার্ধেই ২-০ গোলের লিড পেয়েছে রেড ডেভিলরা। তবে, ম্যাচ শুরুর আগে ম্যান ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল ম্যাচটি দেখার কথা ছিল কিংবদন্তি এই সাবেক কোচের। তবে শরীর খারাপ লাগায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
মেইল অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, এটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন। ৮৪ বছর বয়সী ফার্গুসনকে ইউনাইটেডের চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে ম্যাচ শুরুর প্রায় এক ঘণ্টা আগে হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: রোনালদিনিয়ো শুরুতেই বুঝে গিয়েছিলেন মেসি তাকে ছাড়িয়ে যাবে
এর আগেও স্কটিশ এই কোচ স্বাস্থ্যগত সমস্যার মুখে পড়েছিলেন। ২০১৮ সালে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে জানা গেছে, এবারের ঘটনাটি সেই সমস্যার সঙ্গে সম্পর্কিত নয়।
২০২১ সালের তথ্যচিত্র স্যার অ্যালেক্স ফার্গুসন: নেভার গিভ ইন–এ সেই সময়ের কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, 'সেদিন পাঁচজনের মস্তিষ্কে রক্তক্ষরণের ঘটনা ঘটেছিল। তিনজন মারা গিয়েছিলেন। দুজন বেঁচে গিয়েছিল। তখন বুঝেছিলাম, আমি সত্যিই ভাগ্যবান।'

২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·