মোংলা বন্দর সংলগ্নে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক ব্যবসা প্রতিষ্ঠান

৫ দিন আগে
মোংলা বন্দর ও ইপিজেড সংলগ্ন শিল্প এলাকার ‘সরকার মার্কেটে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে এই দুর্ঘটনায় মার্কেটের অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

মোংলা বন্দর ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিল্প এলাকার সরকার মার্কেটের একটি বন্ধ দোকান থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখতে পায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। মার্কেটে দাহ্য পদার্থ, ইলেকট্রনিক্স ও কাপড়ের দোকান থাকায় আগুন দ্রুত পাশের প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দিগ্বিবিদিক ছুটাছটি শুরু করেন। অনেক ব্যবসায়ী তাদের দোকানের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা করলেও আগুনের তীব্রতায় তা রক্ষা করা সম্ভব হয়নি।

 

খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় মোংলা বন্দর ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট। আগুনের ভয়াবহতা বিবেচনায় দ্রুত মোংলা বন্দর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং স্থানীয় এলাকাবাসীর প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই ৯টি দোকানের আসবাবপত্র ও ভেতরে থাকা মূল্যবান মালামাল ও একটি সমিতি ঘর ও ঘরে থাকা নগদ টাকা পুড়ে কয়লায় পরিণত হয়।

 

আরও পড়ুন: বান্দরবানে অতিরিক্ত তাপে অগ্নিকাণ্ড, দোকান পুড়ে ছাই

 

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইমরান হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার পর আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বাজার এলাকাটি ঘনবসতিপূর্ণ এবং শিল্প এলাকার কাছাকাছি হওয়ায় বড় ধরনের ঝুঁকি ছিল, তবে সম্মিলিত প্রচেষ্টায় আগুন বেশি দূর ছড়াতে পারেনি।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদি, ইলেকট্রনিক্স, হার্ডওয়্যার এবং কাপড়ের দোকান ছিল। হঠাৎ এই অগ্নিকাণ্ডে তাদের মূলধনসহ প্রায় কোটি টাকার মালামাল ধ্বংস হয়েছে। নিঃস্ব হয়ে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তারা।

 

আরও পড়ুন: কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

 

বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্ষয়ক্ষতির সঠিক তালিকা নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় কর্তৃপক্ষ।
 

]]>
সম্পূর্ণ পড়ুন