মেহেরপুরে তেল পাম্পে হট্টগোল, পুলিশ সদস্য আহত, মোবাইল ছিনতাই

৩ সপ্তাহ আগে
মেহেরপুরের গাংনী উপজেলার একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহী ও পাম্প কর্মচারীদের মধ্যে তীব্র হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধা দিতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার দুপুরে গাংনী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম গোপাল চন্দ্র কর। তিনি গাংনী থানায় কনস্টেবল পদে কর্মরত।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাঁশবাড়িয়া গ্রামের গাংনী ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীদের ৫০০ টাকার নির্ধারিত সীমায় জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছিল। তবে অতিরিক্ত তেল নেওয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে মোটরসাইকেল আরোহী ও পাম্প কর্মচারীদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। মুহূর্তেই তা উত্তেজনায় রূপ নেয় এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। 


পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে দায়িত্বরত পুলিশ সদস্য গোপাল চন্দ্র কর হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলাকারীদের পরিচয় পাওয়া যায়নি।


আরও পড়ুন: মেহেরপুরের গাংনীতে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

গাংনী থানার (তদন্ত) অফিসার ইনচার্জ আল মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন