সোমবার (১৩ এপ্রিল) বিকেল তিনটার দিকে উপজেলার টুঙ্গি গোপালপুর গ্রামে নিহতের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুফিয়া খাতুন ওই গ্রামের খেদের আলীর স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাঠ থেকে কাজ শেষে বাড়ি ফেরেন সুফিয়া খাতুনের স্বামী খেদের আলী। ঘরে ঢুকে তিনি স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে মুজিবনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বামী খেদের আলীর দাবি, তার আপন ভাই আখের আলীর সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত ৫ এপ্রিল প্রতিপক্ষরা বাড়িতে হামলা চালিয়ে তাদের হত্যার হুমকি দিয়েছিল।
আরও পড়ুন: স্ত্রীকে মেরে মরদেহ উদ্ধারে প্রতিবেশীকে ফোন করে অনুরোধ স্বামীর
তিনি অভিযোগ করে বলেন, 'আমার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্ত লেগে ছিল।'
এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের শরীরের আঘাতের চিহ্নগুলো খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·