মেসি-রোনালদোর মতো এমবাপ্পের দীর্ঘস্থায়িত্ব নিয়ে শঙ্কা ফ্রান্সের সাবেকের

১ সপ্তাহে আগে
এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে কিলিয়ান এমবাপ্পের নামই সবচেয়ে বেশি আলোচিত। তবে রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের এই সুপারস্টার পূর্বসূরি ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির মতো দীর্ঘস্থায়ী ক্যারিয়ার গড়তে পারবেন কি–না, সে প্রশ্ন উঠছে। রোনলাদো ও মেসি যেভাবে একের পর এক রেকর্ড নিজেদের দখলে নিয়েছেন এমবাপ্পের পক্ষে দীর্ঘমেয়াদে এমন সাফল্য অর্জন সম্ভব নয় বলে ধারণা ফ্রান্সের সাবেক স্ট্রাইকার জেরেমি আলিয়াদিয়েরের।

এমবাপ্পের বড় ভক্ত হলেও আলিয়াদিয়েরে গোল’র কাছে শঙ্কা প্রকাশ করেছেন, মেসি-রোনালদোর মতো আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করা এমবাপ্পে তো বটেই, এমনকি সবচেয়ে ভয়ংকর ফরোয়ার্ডের জন্যও সহজ কাজ হবে না।


এমবাপ্পে এখন পর্যন্ত ফ্রান্সের জার্সিতে ৯৪ ম্যাচে ৫৫ গোল করেছেন। ফ্রান্সের জার্সিতে অলিভিয়ের জিরুদের সর্বকালের রেকর্ড থেকে মাত্র দুই গোল দূরে আছেন এমবাপ্পে। খুব শিগগিরই তিনি সেই রেকর্ড ভেঙে দেবেন বলে মনে করা হচ্ছে।


তবে এরপর লক্ষ্য হবে তিন অঙ্ক, অর্থাৎ ১০০ গোল। মেসি ও রোনালদো যথাক্রমে আর্জেন্টিনা ও পর্তুগালের হয়ে ১০০’র বেশি গোল করেছেন এবং আরেকটি বিশ্বকাপে খেলতে প্রস্তুতি নিচ্ছেন। এমবাপ্পেও (ফিট থাকলে) উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে খেলবেন। ২০১৮ সালে শিরোপা জেতানোর পথে এবং ২০২২ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক, দুই আসরেই ফ্রান্সের জার্সিতে তার আলোকিত উপস্থিতি ছিল।

 

আরও পড়ুন: ঋতু-মনিকাদের খেলা দেখে বাংলাদেশের প্রথম এশিয়ান কাপ হিরো চুন্নু আপ্লুত


১০০ গোল ছোঁয়া সম্ভব কি না—এ প্রশ্নে আলিয়াদিয়েরে বলেন, ‘কোনো সন্দেহ নেই। ফিট থাকলে আমার মতে সে-ই সেরা খেলোয়াড়। শুধু গোল নয়, ব্যক্তিগতভাবে সে যা করতে পারে, তা অবিশ্বাস্য। তবে একটা বিষয় আছে, সে খুব অল্প বয়সে খেলা শুরু করেছে। রোনালদো আর মেসির মতো ৩৫ বছর বয়সেও কি সে শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে পারবে? আধুনিক ফুটবল শারীরিকভাবে ভীষণ কঠিন, দিন দিন আরও কঠিন হচ্ছে। বিজ্ঞান, রিকভারি, চিকিৎসা, সবই সাহায্য করছে, কিন্তু ধারাবাহিকতা ধরে রাখা বড় চ্যালেঞ্জ।’


তিনি যোগ করেন, ‘৪৫ গোল বাকি, পথটা এখনও লম্বা। তবে সে বিশ্বের সেরা ক্লাবগুলোর একটিতে খেলছে, নিয়মিত গোল করছে, সেরা যত্ন পাচ্ছে। তাই আমি মনে করি সে পারবে।'


এদিকে জিরুদ মেনে নিয়েছেন যে তার রেকর্ড ভাঙা সময়ের ব্যাপার। বর্তমানে লিলের হয়ে খেলা ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেছেন, ‘অবশ্যই সে আমাকে ছাড়িয়ে যাবে। তার সামনে অন্তত পাঁচ-সাত বছর আছে জাতীয় দলে। আমি আশা করি সে ১০০ গোলও ছুঁবে।’

 

আরও পড়ুন: ‘গুরুতর’ চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ব্রাজিলিয়ান তারকা


তবে, এমবাপ্পে ব্যক্তিগত লক্ষ্য স্থির করতে চান না। তার কাছে দলগত সাফল্যই সবার আগে, ‘আমি যে কারও বিপক্ষে গোল করতে পারি, এটা বলা ট্যাবু নয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জেতা এবং দলকে সাহায্য করা। রেকর্ড স্বাভাবিকভাবেই আসবে।’


বর্তমানে হাঁটুর চোটে ভুগছেন এমবাপ্পে, যার কারণে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে মাঠের বাইরে। তার ফেরার সম্ভাব্য দিনক্ষণ এখনও জানা যায়নি। এদিকে ‘লস ব্লাঙ্কোরস’ চ্যাম্পিয়ন্স লিগের এর শেষ ষোলোয় ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে, আর ফ্রান্স প্রস্তুত হচ্ছে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য।

]]>
সম্পূর্ণ পড়ুন