মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১৪ ঘন্টা আগে
মাদারীপুরে গিয়াস হাওলাদার (৩৫) এক যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে কুয়ালালামপুর শহরে এ দুর্ঘটনা ঘটে। পরদিন তার মৃত্যুর খবর পায় পরিবার।


গিয়াস হাওলাদারের বাড়ি শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা গ্রামের মৃত ওহাব হাওলাদারের ছেলে। ৫ ভাই, ২ বোনের মধ্যে গিয়াস হাওলাদার সবার ছোট।


জানা গেছে, নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন গিয়াস হাওলাদার। পথিমধ্যে মালয়েশিয়ায় কুয়ালালামপুর শহরে পেছন থেকে একটি মালবাহী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: সৌদিতে নির্মাণাধীন ভবনের লিফট থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত


পারিবারিক সূত্র জানায়, গিয়াস হাওলাদার জীবিকার তাগিদে গত ১০ বছর আগে মালয়েশিয়ায় যান। সেখানে তিনি একটি বস্ত্র কারখানাও গড়েছেন। মাঝে মাঝে তিনি দেশে আসতেন। আগামী মাসে তিনি দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন এবং আসার জন্য বিমানের টিকিটও ক্রয় করেছিলেন। দেশে ফিরে পারিবারিকভাবে তার বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার কথা ছিল। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে যায় দুর্ঘটনায়।

 

স্থানীয়রা গিয়াস হাওলাদারের মরদেহ দ্রুত দেশে এনে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।


শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, ‘পরিবারের পক্ষে যদি সহযোগিতা চাওয়া হয় তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন