মালয়েশিয়ায় মানবপাচার চক্রের মূল হোতাসহ ৪ বাংলাদেশি গ্রেফতার

১ সপ্তাহে আগে
মালয়েশিয়ার ক্লাং এলাকায় একটি গাড়ির পেইন্টিং ওয়ার্কশপে বিশেষ অভিযান চালিয়ে একটি সক্রিয় মানব পাচার চক্রের মূল হোতাসহ চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেফতারকৃতদের বয়স ৩৪ থেকে ৪০ বছরের মধ্যে। চক্রটি মূলত দেশটির পূর্ব উপকূলীয় সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে অভিবাসীদের মালয়েশিয়ায় নিয়ে আসত এবং ওই ওয়ার্কশপটিকে তারা ‘সেফহাউস’ আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিল।

 

তদন্তে জানা গেছে, ৪০ বছর বয়সি চক্রের মূল হোতা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করত। গ্রেফতারকৃত অন্য তিন সদস্য এজেন্ট, পরিবহনকারী এবং আস্তানার রক্ষক হিসেবে কাজ করত।

 

আরও পড়ুন: মালয়েশিয়ায় দ্রুত ছড়াচ্ছে যক্ষ্মা, বিশেষ সতর্কতা জারি

 

সিন্ডিকেটটি মূলত বাংলাদেশি অভিবাসীদের অবৈধ পথে এনে বিভিন্ন নিয়োগকর্তার কাছে হস্তান্তরের আগে সাময়িকভাবে ওই ওয়ার্কশপে লুকিয়ে রাখত। পরবর্তীকালে এসব অভিবাসীদের বিভিন্ন শ্রম নিবিড় কাজে নিয়োজিত করে তাদের ওপর শ্রম শোষণ চালানো হতো।

 

অভিযান চলাকালীন আস্তানাটি থেকে আরও তিন জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে, যাদের মালয়েশিয়ায় প্রবেশের কোনো বৈধ নথি নেই। বর্তমানে গ্রেফতারকৃত সাতজনকেই পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দেশটির 'মানব পাচার বিরোধী আইন ২০০৭' এবং 'ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩' এর অধীনে কঠোর তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

]]>
সম্পূর্ণ পড়ুন