মালদ্বীপে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

১ সপ্তাহে আগে
মালদ্বীপে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। রোববার (১ মার্চ) রাতে দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল মিলনায়তনে মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব শীর্ষক আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হয়।

বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও একুশের চেতনাকে দুই দেশের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন ও দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়। ব্যতিক্রমী এ বৈশ্বিক উদযাপনে অংশ নেন মালদ্বীপের তরুণ শিক্ষার্থীরা ও বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা।

 

স্বাগত বক্তব্যে মালদ্বীপের ধিভেহি বাহুগে একাডেমির সহ-সভাপতি জুলফা ইব্রাহিম বলেন, ভাষা একটি জাতির ঐতিহ্য, ইতিহাস ও জ্ঞানচর্চার ধারক; ভাষা রক্ষা মানেই ভবিষ্যৎ প্রজন্মের পরিচয় সংরক্ষণ। ভাষাগত বৈচিত্র্য মানবসভ্যতার এক অমূল্য সম্পদ বলেও তিনি উল্লেখ করেন।

 

চলতি বছরের প্রতিপাদ্য ‘বহুভাষিক শিক্ষায় যুবসমাজের ভূমিকা’-এর আলোকে মাতৃভাষা সংরক্ষণ ও ভাষাগত-সাংস্কৃতিক বৈচিত্র্য প্রচারের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

 

এ সময় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে হাইকমিশনার বলেন, মাতৃভাষা মানুষের পরিচয়, সাংস্কৃতিক অস্তিত্ব ও মর্যাদার ভিত্তি। ভাষা আন্দোলনের আত্মত্যাগ ভাষাগত অধিকার রক্ষার সংগ্রামের এক ঐতিহাসিক প্রতীক, যা বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণের অনুপ্রেরণা জোগায়।

 

আরও পড়ুন: মালয়েশিয়ায় গাড়িচাপায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু

 

এছাড়া হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম  মাতৃভাষাভিত্তিক শিক্ষা প্রসার, নতুন প্রজন্মের মধ্যে ভাষাপ্রীতি জাগ্রত করাসহ বিশ্বায়নের সঙ্গে ভাষা সংরক্ষণের ভারসাম্য বজায় রাখারও আহ্বান জানান।

 

মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এমএনইউ) জ্যেষ্ঠ প্রভাষক আইধা হাম্মাদের সঞ্চালনায় ভাষাগত মর্যাদা রক্ষা এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদারের গুরুত্ব তুলে ধরে “মাতৃভাষা সংরক্ষণে যুবসমাজের ভূমিকা” শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন (এমএনইউ) জ্যেষ্ঠ প্রভাষক ড. আমিনাথ জাহির ও আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের দন্তচিকিৎসক ড. সাদিয়া হক।

 

অনুষ্ঠানের বিশেষ পর্বে প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপের ভাষা বা ধিভেহি বাহুগে একাডেমির সভাপতি ও কবি হাসান শাকির মোহাম্মদ মাতৃভাষা, সাংস্কৃতিক ঐতিহ্য ও বহুভাষিক শিক্ষার প্রসারে উভয় প্রতিষ্ঠানের প্রতি যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে বাংলা ও ধিভেহি ও বাংলা ভাষায় কবিতা আবৃত্তির পাশাপাশি ঐতিহ্যবাহী ধিভেহি রাইভারু পরিবেশনা এ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। 

 

আরও পড়ুন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

]]>
সম্পূর্ণ পড়ুন