মানিকগঞ্জে পিকআপ-ড্রামট্রাক সংঘর্ষে নিহত ১

৩ সপ্তাহ আগে
মানিকগঞ্জ সদর উপজেলায় পিকআপভ্যান ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. গিয়াস উদ্দিন (৪৫) নামে এক চালক নিহত এবং মাহবুব হোসেন (১৮) নামে এক হেলপার আহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ–সিংগাইর সড়কের অরঙ্গবাদ টাওয়ার স্টেশন এলাকার অবাক হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত গিয়াস উদ্দিন জেলার সাটুরিয়া উপজেলার উত্তর আয়নাপুর গ্রামের সাহাব আলীর ছেলে।


আহত হেলপার মাহবুব হোসেন বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাইরগামী একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গিয়াস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহত হেলপারকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।


আরও পড়ুন: পুলিশের সিগন্যালে থামতেই ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত


স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।


এলাকাবাসীর অভিযোগ, মানিকগঞ্জ–সিংগাইর সড়কে ভারি যানবাহনের বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কটিতে নিয়মিত ট্রাফিক নজরদারি ও গতিনিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।


মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলেও তিনি জানান।

]]>
সম্পূর্ণ পড়ুন