মাদারীপুরে জমি নিয়ে দ্বন্দ্বে কিশোরকে পিটিয়ে হত্যা

১ সপ্তাহে আগে
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারুফ সরদার (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। রোববার (২৬ এপ্রিল) সকালে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

এর আগে শনিবার (২৫ এপ্রিল) সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় মারুফ সরদারসহ তার বাবা নুর ইসলাম সরদার, মা মানিনুর বেগম ও একই বাড়ির হোসনেয়ারা বেগম ও পাপিয়া বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।


নিহত মারুফ সরদার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার নুর ইসলামের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খাতিয়াল এলাকার নুর ইসলাম সরদারের সঙ্গে একই এলাকার মোফাজ্জেল সরদারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে নুর ইসলামের বাড়ির পাশে একটি বিরোধপূর্ণ জমি উভয়পক্ষ পরিমাপের আয়োজন করে। এ সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোফাজ্জেল সরদারের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ নুর ইসলামের ওপর হামলা চালায়। বাধা দিতে গেলে নুর ইসলামের ছেলে, স্ত্রীসহ পাঁচজনকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে গুরতর অবস্থায় নুর ইসলাম ও তার ছেলে মারুফ সরদারসহ পাঁচজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।


আরও পড়ুন: নরসিংদীতে গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক


এ সময় মারুফ সরদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার বিকেল ৪টার দিকে ভর্তি করেন তার স্বজনরা। এরপর অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ লাইভ সাপোর্ট জন্য তাকে ঢাকার রামপুরায় অবস্থিত মাল্টি কেয়ার হাসপাতালে পাঠায়। পরে রোববার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন থেকে মারুফ মারা যায়।


মারুফের বাবা নুর ইসলাম বলেন, ‘আমার ছেলেকে যারা মেরে ফেলছে তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই।’


আরও পড়ুন: নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক


এ দিকে মারুফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গা ঢাকা দিয়েছে প্রধান অভিযুক্ত মোফাজ্জেল সরদার।


এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মারুফের মাথায় গুরতর আঘাত থাকায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের মা মাহিনুর বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে ১২ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন