মাঝ-আকাশে উড়োজাহাজেই জন্ম নিল শিশু, জুতার ফিতায় নাড়ি বাঁধলেন প্যারামেডিকরা!

৬ দিন আগে
যুক্তরাষ্ট্রে একটি উড়োজাহাজে অবতরণের ঠিক আগে এক যাত্রী কন্যাশিশুর জন্ম দিয়েছেন। গত শুক্রবার (২৪ এপ্রিল) ডেলটা এয়ারলাইনসের আটলান্টা থেকে ওরেগনের পোর্টল্যান্ডগামী একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজে এই বিরল ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, উড়োজাহজটি পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক আগে সুস্থ একটি কন্যাশিশুর জন্ম হয়। শিশুটির ওজন প্রায় সাড়ে পাঁচ পাউন্ড।

 

জানা গেছে, টেনেসির বাসিন্দা অ্যাশলি ব্লেয়ার নিজের মায়ের কাছে সন্তান জন্ম দিতে ওরেগনে যাচ্ছিলেন। তবে গন্তব্যে পৌঁছানোর প্রায় আধা ঘণ্টা আগে তার প্রসববেদনা শুরু হয়।

 

ডমিনিকান রিপাবলিক থেকে ছুটি কাটিয়ে ফেরা ফ্লাইটে থাকা দুই প্যারামেডিক টিনা ফ্রিটজ এবং ক্যারিন পাওয়েল দ্রুত তার সাহায্যে এগিয়ে আসেন। প্রসবের জন্য ফ্লাইট অ্যাটেনডেন্টদের কাছে ‘অবস্টেট্রিকাল কিট’ চাওয়া হলেও তা পাওয়া যায়নি।

 

আরও পড়ুন: মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, বিমানে মৃতদেহ রেখে ১৩ ঘণ্টার ভ্রমণ শেষ করেন পাইলট

 

উপায় না পেয়ে প্যারামেডিকরা তাৎক্ষণিকভাবে যা পেয়েছেন তা দিয়েই কাজ চালান। তারা অন্যান্য যাত্রীদের কাছ থেকে কম্বল সংগ্রহ করেন। আইভি শুরু করার জন্য ক্যারিন পাওয়েল নিজের জুতার ফিতা ছিঁড়ে টর্নিকেট হিসেবে ব্যবহার করেন এবং নাড়ি (আম্বিলিক্যাল কর্ড) বাঁধার জন্য একজন ফ্লাইট অ্যাটেনডেন্টের জুতার ফিতা ব্যবহার করা হয়।

 

এসময় ক্রুরা জরুরি অবতরণের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান এবং উড়োজাহাজটি অবতরণের সঙ্গে সঙ্গে জরুরি চিকিৎসাকর্মীরা তাদের স্বাগত জানান।

 

শিশুটির নাম রাখা হয়েছে ব্রিয়েল রেনি ব্লেয়ার। মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছে বলে জানা গেছে। ডেলটা এয়ারলাইন্স এক বিবৃতিতে ফ্লাইটে সহায়তা করা স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়েছে।

 

যদিও ডেলটা তাদের বিবৃতিতে একজন ডাক্তার ও দুজন নার্সের কথা উল্লেখ করেছে, তবে প্যারামেডিক ফ্রিটজ বলেছেন, সেখানে কোনো ডাক্তার ছিলেন না।

 

সদ্য মা হওয়া অ্যাশলি ব্লেয়ারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন প্যারামেডিক ফ্রিটজ। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে আমরা এখন চিরকালের জন্য বন্ধু হয়ে গেছি।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন