ময়মনসিংহে মাদকের টাকার দ্বন্দ্বে যুবককে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

১ সপ্তাহে আগে
ময়মনসিংহে মাদকের টাকা নিয়ে বিরোধের জেরে সুমন মিয়া (৩৫) নামে এক যুবককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে দুই আসামি আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নিহত সুমন মিয়া সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের আমছর আলীর ছেলে। গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


মঙ্গলবার (৩ মার্চ) জেলা পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গ্রেফতাররা হলেন: অষ্টধার ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের সজীব আলী (২০), ভিটাপাড়া গ্রামের নাজমুল ইসলাম (২৫) ও একই গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোর।


আরও পড়ুন: নারায়ণগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার


এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘মাদকের টাকা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে। গ্রেফতার সজীব আলী ও নাজমুল ইসলাম সোমবার আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আর কিশোরকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।’


পুলিশ জানায়, গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে পরিকল্পিতভাবে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করা হয় সুমন মিয়াকে। পরে অষ্টধার সেনপাড়া এলাকার রেললাইনের পাশে ধানক্ষেতের সেচের নালার ওপর ফেলে রেখে যায়। পরদিন পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রযুক্তির সহায়তায় তিন তরুণকে রোববার রাত ও সোমবার গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার আসামিরা ও হত্যার শিকার ব্যক্তি একই গ্রামের বাসিন্দা এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত।


আরও পড়ুন: পিরোজপুরে হত্যা ও নাশকতা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার


ঘটনার ১০-১৫ দিন আগে মাদকের টাকা সংক্রান্ত বিরোধের জেরে সুমনের সঙ্গে আসামি সজীব আলীর হাতাহাতি হয়। ওই বিরোধের জেরে পরিকল্পিতভাবে ঘটনার দিন সুমন মিয়াকে মোবাইল ফোনে ডেকে ঘটনাস্থলে আনা হয়। সেখানে গাঁজা সেবনের এক পর্যায়ে আবার টাকার বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হলে আসামিরা সংঘবদ্ধভাবে ধারালো ছুরি দিয়ে কপাল, থুতনি, গলা, ঘাড়, বুক, তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করেন।


গ্রেফতার আসামিদের নিয়ে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি এবং নিহত ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 

]]>
সম্পূর্ণ পড়ুন