ভোটের নিরাপত্তায় খাগড়াছড়িতে বিজিবির ১০ বেইস ক্যাম্প ও হেলিকপ্টার প্রস্তুত

২ সপ্তাহ আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে খাগড়াছড়িতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটের পরিবেশ আশঙ্কামুক্ত রাখতে ১০টি বেইস ক্যাম্প স্থাপন, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড মোতায়েন, র‍্যাপিড অ্যাকশন টিম, হেলিকপ্টার ও কুইক রেসপন্স টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিজিবির গুইমারা সেক্টরের অধীন রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোন অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম এসব তথ্য জানান।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সারাদেশের মতো খাগড়াছড়িতেও আগামী ১ ফেব্রুয়ারি থেকে সংসদ নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে মাঠে নামবে বিজিবি। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদারের পাশাপাশি রামগড় জোনের আওতাধীন রামগড় এবং চট্টগ্রামের ফটিকছড়ি ও মীরসরাই উপজেলার ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।’

 

জোন অধিনায়ক জানান, গুইমারা সেক্টরের আওতায় পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় অবস্থিত তিনটি সংসদীয় আসনের ৩৪৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ১০টি বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে। অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং ভোটের পরিবেশ আশঙ্কামুক্ত রাখতে এসব পদক্ষেপ নেয়া হয়েছে।

 

আরও পড়ুন: বিষমুক্ত সবজি চাষে ৪০ কৃষকের বাজিমাত

 

ব্যাটালিয়ন অধিনায়ক আরও জানান, দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি যৌথভাবে এবং সীমান্তবর্তী ৬১টি উপজেলায় এককভাবে দায়িত্ব পালন করবে।

 

সংবাদ সম্মেলনে লে. কর্নেল মো. আহসান উল ইসলাম আশা প্রকাশ করে বলেন, ‘সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।’

 

এ সময় জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অতসী দেবনাথ বিনতি ও সহকারী পরিচালক মোহাম্মদ শামছুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন