ভোটকক্ষ খোঁজা নিয়ে ভোগান্তি

৪ সপ্তাহ আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দিতে রাজধানীতে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে আসছেন ভোটাররা। তবে ভোটকক্ষ খুঁজে না পাওয়ার অভিযোগ জানিয়েছেন কেউ কেউ। এতে ভোগান্তিতে পড়ছেন ভোটাররা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-৩ আসনের কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি কেন্দ্র ঘুরে এমন অভিযোগ পাওয়া যায়।

 

কয়েকজন ভোটার অভিযোগ করেন, পর্যাপ্ত দিকনির্দেশনা না থাকায় শুরুতে ভোগান্তি হয়েছে।

 

সাইফুল হোসেন নামে এক ভোটার বলেন, ‘ভোট দিতে এসে ভোট কক্ষ খুঁজে পাচ্ছি না। এক কক্ষে গেলে বলা হচ্ছে অন্য কক্ষে যান। আবার আরেক কক্ষে গেলে বলা হচ্ছে এটা না। এক পর্যায়ে কক্ষ খুঁজে পাওয়ার ভোট দিতে পেরেছি। এখন ভালো লাগছে।’

 

ভোটকক্ষ নিয়ে সমস্যার কথা জানালেন কেন্দ্রের পোলিং অফিসার নাফিজও। তিনি বলেন, ‘আমি নিজেই প্রথমে কক্ষ খুঁজে পাইনি। অনেক পরে পেয়েছি। অনেক ভোটারই এই সমস্যায় পড়ছেন। রাতে ভবন ও কক্ষ পরিবর্তন করা হয়েছে। এতে ভোগান্তি পড়ছেন সাধারণ ভোটাররা।’

 

আরও পড়ুন: ভোট সুষ্ঠু হলে ফলাফল মানবো, অন্যদেরকেও মানতে হবে: জামায়াত আমির

 

আরেক পোলিং অফিসার ইমতিয়াজ বলেন, ‘অনেকেই ভোটকক্ষ খুঁজে পাচ্ছেন না। আমরা ভোটারদের কক্ষ খুঁজে পেতে সর্বোচ্চ সহযোগিত করছি।’

 

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোশারফ হোসেন সময় সংবাদকে বলেন, ‘প্রতিটি কেন্দ্রের বাইরে ভোটকক্ষের সিরিয়াল নম্বর লেখা রয়েছে। পরিবর্তন হওয়ার সুযোগ নেই। তবে ভোটাররা কক্ষ খুঁজে না পেলে সহযোগিতা করা হচ্ছে।’

 

তিনি আরও বলেন, ‘ভোটার উপস্থিতি তুলনামূলক আশানুরূপ। ধীরে ধীরে আরও বাড়বে।’

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।

 

দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

 

আরও পড়ুন: জয়ের ব্যাপারে আশাবাদী সালাহউদ্দিন

 

এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।

 

এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।

 

জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন