চোটের কারণে এ মাসের প্রথম সপ্তাহ থেকে মাঠের বাইরে আছেন হামজা চৌধুরী। তার সেরে উঠতে সময় লাগতে পারে ৬-৮ সপ্তাহ। কিন্তু বাংলাদেশের দুটি ম্যাচই আগামী মাসের শেষ দিকে। তাই হামজাকে পাওয়ার ব্যাপারে পুরোপুরি আশাবাদী বাংলাদেশ কোচ।
পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ইফতার অনুষ্ঠানের একফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলেন হাভিয়ের কাবরেরা। এক প্রশ্নের উত্তরে কাবরেরা জানান, হামজা ও লেস্টার সিটির মেডিকেল টিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি।
আরও পড়ুন: বর্ণবাদ ইস্যু অস্বীকার করে ভিনিসিউসকে গালি দিয়েছেন বলে দাবি প্রেস্তিয়ান্নির
কাবরেরার মতে, হামজার পুনর্বাসন প্রক্রিয়া খুব ভালোভাবেই এগোচ্ছে। মার্চের মাঝামাঝি সময়ে তার মাঠে ফেরার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে হামজাকে দেখা যেতে পারে।
তার আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সে ম্যাচেও তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ। শেষ পর্যন্ত ম্যাচ দুটি খেললে হামজা ঢাকা না এসে সরাসরি ভিয়েতনাম যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ প্রসঙ্গে বাংলাদেশ কোচ বলেন, ‘হামজাকে নিয়ে আমরা ইতিবাচক। আশা করি, ওর রিকভারি খুব ভালোভাবেই হবে।’
হামজার পাশাপাশি আরেক প্রবাসী ফুটবলার শমিত সোমের ব্যাপারেও সুখবর দিয়েছেন কোচ। শমিতের সঙ্গে তার নিয়মিত কথা হচ্ছে এবং শমিত নিজেও জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে আগ্রহী। কাবরেরা চাইছেন, শমিত যেন ঢাকা থেকেই ক্যাম্প শুরু করতে পারেন। ১৬ মার্চ থেকে ঢাকায় জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকায় তিন-চারটি সেশন শেষ করে ভিয়েতনাম যাবে দল।
আরও পড়ুন: শীর্ষস্থান মজবুত করতে রাতে মাঠে নামছে রিয়াল
বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে ১০৮ নম্বরে আছে ভিয়েতনাম। তাদের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন কাবরেরা। বছরের শেষে সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে, সে কথা মাথায় রেখেই র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকা দলগুলোর বিপক্ষে খেলার প্রস্তাব দিয়েছিলেন তিনি।
এদিকে এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের জন্যও শুভকামনা জানিয়েছেন কোচ। কাবরেরা মনে করেন, বাংলাদেশের মেয়েরা লড়াকু মানসিকতা নিয়ে এশিয়ান কাপে ভালো ফল করবে।
]]>
২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·