এ সংঘর্ষে বাবা ও তার সহযোগীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় অন্তত ১০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, হবিরবাড়ী এলাকার বাসিন্দা খোকা ও তার ছেলে তোফায়েল আহমেদ রানার মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে বিরোধ চলছিল। গত জাতীয় সংসদ নির্বাচনে বাবা ও ছেলে পৃথক প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। নির্বাচনের পর থেকে তাদের মধ্যকার সম্পর্কের আরও অবনতি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ছেলে রানা তার অফিসে কয়েকজন লোক নিয়ে বসে ছিলেন। এ সময় বাবা খোকা সেখানে গিয়ে অফিস বন্ধ করতে বললে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একপর্যায়ে রানা তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
ঘটনায় খোকা মিয়া (৫০) ও তার সঙ্গী খোকন (৪৫) আহত হন। এছাড়া রানার পক্ষের বখতিয়ার আহমেদ নাহিন (২৪) নামের এক যুবকও আহত হয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে দুই গ্রুপের গোলাগুলি, দুই শিক্ষার্থী আহত
আহতদের উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিনারা জানান, দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক পরীক্ষায় তাদের শরীরে গুলির সরাসরি আলামত পাওয়া যায়নি। তবে রোগীরা গুলির আঘাতের কথা জানিয়েছেন। ভেতরে গুলি আছে কি না, তা এক্স-রে করার পর নিশ্চিত হওয়া যাবে। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক ও রাজনৈতিক বিরোধ ছিল। এর জের ধরেই আজ উত্তেজনা ও আক্রমণের ঘটনা ঘটে। স্থানীয়রা গুলির কথা জানিয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

৩ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·