বোমা ফাটালেন জিকো, কাবরেরার সঙ্গে দ্বন্দ্বেই বাদ জাতীয় দল থেকে

১ দিন আগে
বোমা ফাটালেন আনিসুর রহমান জিকো। হাভিয়ের কাবরেরার সঙ্গে দ্বন্দ্বের কারণেই এতদিন জাতীয় দলের বাইরে বলে মন্তব্য করেন তিনি। স্প্যানিশ কোচের বিদায়ে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন জিকো। প্রত্যাশা আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে একাদশে জায়গা করে বাংলাদেশকে শিরোপা উপহার দেয়া।

নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা গোলকিপার আনিসুর রহমান জিকো। শুধু বাংলাদেশই নয়, ২০২৩ সাফে তিনিই হয়েছিলেন দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার। তবুও হাভিয়ের কাবরেরার দলে ব্রাত্য হয়ে পড়েন তিনি। সেরাদের কাতারে থেকেও কেন তিনি উপেক্ষিত, এটা নিয়ে ফুটলাঙ্গনে নানা ফিসফাস থাকলেও এবার রীতিমতো বোমা ফাটালেন জিকো। 

 

আরও পড়ুন: আবাহনী-মোহামেডান ম্যাচে মুজাফফরভের অলিম্পিক গোল

 

সম্প্রতি লিগের টপ পারফর্মর হয়েও তার জায়গা হয়নি কাবরেরার এশিয়ান কাপ বাছাইয়ের একাদশে। স্প্যানিশ কোচের সঙ্গে তার দূরত্বের বিষয়টি এরপর হয়ে উঠে আরও স্পষ্ট। সেই ক্ষোভ আর চাপা রাখতে পারলেন না জিকো। সরাসরি জানিয়ে দিলেন, কোচের সঙ্গে মনোমালিন্যের কারণেই নাকি এতদিন জাতীয় দলে জায়গা হয়নি তার।  

 

জিকো বলেন, ‘আমি একটা ম্যাচে খেলি নাই, মন খারাপ করছিলাম। হয়ত কোচের সাথে কথা বলি নাই, কোচও আমার সাথে কথা বলে নাই। সেখান থেকেই কোচ আমাকে ইগনোর করা শুরু করছে আর কি। তো এই জিনিসটা আসলে প্রফেশনাল হিসাব করলে এটা হয়, কিন্তু এইটা তো ধরেন দুইজনের মধ্যে ভেদাভেদ না রেখে এখানে যদি এটা আমরা ডিসকাস করতাম, তাহলে দিনশেষে দেশের জন্য ভালো হতো।’ 
 

 

মেয়াদ পূর্ণ করায় চলতি মাসেই বাফুফের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে হাভিয়ের কাবরেরার। আর এটাকেই জাতীয় দলে ফেরার মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন আনিসুর রহমান জিকো। দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকের স্বপ্ন দেশকে অন্তত একটা সাফ জয়ের আনন্দে ভাসানো। আসছে সেপ্টেম্বরে সেই সুযোগটা তার হয়ে যেতে পারে ঘরের মাঠেই। 

 

‘আমার তো খারাপ লাগে, ধরেন ন্যাশনাল টিমে বারবার স্কোয়াডে ডাকে, ফাইনালি রাখে না। এটা তো আমার সবসময় কাজ করে আমার আবার সাফ খেলতে হবে, সাফে সেরা গোলকিপার হবো এবং আমার খুব ইচ্ছা যে আমি দেশকে একটা সাফ শিরোপা উপহার দেবো।’ 
 

 

আরও পড়ুন: বার্সেলোনার অভিযোগে শাস্তি পেলেন ম্যাচ রেফারি

 

এদিকে গুঞ্জন আছে স্বল্প মেয়াদে হলেও আবারও বাংলাদেশের কোচ হতে পারেন হাভিয়ের কাবরেরা। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে বাফুফে নাকি ইচ্ছে করেই রেখেছে এমন সুযোগ। সেটাই যদি সত্যি হয়, তবে জিকোর পথ হয়ে উঠতে পারে অমশৃণ। যদিও এসব নিয়ে না ভেবে নিজের পারফরম্যান্সেই দৃষ্টি রাখতে চান বাংলার বাজপাখি।

 

‘আমি তো স্বপ্ন দেখতেছি, এখন বাকিটা হচ্ছে ন্যাশনাল টিম কমিটি আছে আর কোচিং প্যানেলে যারা থাকবে তারা যদি ডাকে, তাহলে আমার দেশের জন্য আমি সবটুকু দেবো। কোচ আছে কি নাই, এটা এখন আমি সিওর বলতে পারবো না। আমি আশা করি, সবসবয় আমি রেডি ন্যাশনাল টিমে ব্যাক করার জন্য।’

]]>
সম্পূর্ণ পড়ুন