প্রাণের উৎসব পয়লা বৈশাখ মানেই রং, ঐতিহ্য আর অনাবিল আনন্দের এক অনন্য উদযাপন। নববর্ষের সেই চিরচেনা আবহ যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের এই মনোমুগ্ধকর লুকে।নববর্ষের উৎসবে যারা অতিরিক্ত জাঁকজমক নয়, বরং সহজ-সুন্দর ও ঐতিহ্যবাহী স্টাইলে নিজেকে উপস্থাপন করতে চান, তাঁদের জন্য বাঁধনের এই লুক হতে পারে নিখুঁত অনুপ্রেরণা।
বাঁধন পরেছেন সাদা রঙের একটি শাড়ি, যার পাড়ে রয়েছে লাল ও কমলা ফ্লোরাল নকশা। এই রঙের সংমিশ্রণ বাঙালির ঐতিহ্যবাহী বৈশাখী সাজের প্রতীক।
শাড়িটির স্নিগ্ধতা ও সূক্ষ্ম নকশা তাঁর ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সঙ্গে স্লিভলেস লাল ব্লাউজটি বৈশাখের চিরায়ত আবহকে তুলে ধরেছে।
তাঁর এই সাজে অন্যতম আকর্ষণ স্টেটমেন্ট দুলে । বড় সোনালি ঝুমকা কানের দুল পরেছেন সুন্দরী। তাই নেকপিস পরেননি । এক হাত ভর্তি লাল কাঁচের চুড়ির সঙ্গে সোনালি ঝুমকা চুড়িও শোভা পাচ্ছে। গয়নাগুলো তাঁর লুককে দিয়েছে এক উৎসবমুখর পরিপূর্ণতা।
বৈশাখী সাজে হেয়ারস্টাইলে কাঁচা ফুলের সাজের চল কিন্তু বহু পুরোনো। তাই অভিনেত্রী সাদা ফুলে সাজিয়েছেন তাঁর খোঁপা। পরিপাটি খোঁপায় গাজরা যেন বৈশাখী সাজের অন্যতম অনুষঙ্গ।
গরমের এই ভ্যাপসা আবহাওয়ায় স্নিগ্ধ ও ন্যাচারাল মেকআপ বেছে নিয়েছেন তিনি। চোখে নিখুঁত আইলাইনার ও কাজল, ঠোঁটে মভ ব্রাউন শেডের লিপস্টিক এবং কপালে লাল টিপ—সব মিলিয়ে ফুটে উঠেছে এক অনিন্দ্য সুন্দর, ঐতিহ্যবাহী বাঙালি রূপ। 








Bengali (BD) ·
English (US) ·