বৃষ্টি হতে পারে কবে, জানালো আবহাওয়া অফিস

৩ সপ্তাহ আগে
তীব্র গরম না থাকলেও ফাল্গুনের শুরুতেই মেঘ-বৃষ্টির লুকোচুরি খেলার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। গত কয়েক দিন ধরে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকলেও আগামী সপ্তাহের শুরুতেই ভিজতে পারে রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চল।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জারি করা পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
 

পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে দেশের আবহাওয়া পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে। ওইদিন ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


বৃষ্টির এই প্রবণতা মঙ্গলবারও (২৪ ফেব্রুয়ারি) অব্যাহত থাকতে পারে, বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।
 

আরও পড়ুন: রমজান মাসে কেমন থাকবে আবহাওয়া
 

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা প্রতিবেদনে জানানো হয়েছে, বিষুবীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে এবং উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।


এতে আরও বলা হয়, আগামী দুদিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে। তবে বর্ধিত ৫ দিনের শেষ দিকে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে আভাস দিয়েছে অধিদফতর।


আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটি ও বান্দরবানে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১২.২ ডিগ্রি সেলসিয়াস।


আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৩৮ শতাংশ। আগামীকাল শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে।

]]>
সম্পূর্ণ পড়ুন