বর্তমান সময়ের সেরা পেসারদের একজন বুমরাহ। বলের ওপর তার অসাধারণ নিয়ন্ত্রণের পাশাপাশি অপ্রচলিত বোলিং অ্যাকশন তাকে আলাদা করে তুলেছে। ছোট রানআপে ইয়র্কার, স্লোয়ার কিংবা বাউন্সারের মতো বৈচিত্র্যময় ডেলিভারিতে ব্যাটসম্যানদের চাপে ফেলতে বেশ দক্ষ এই ভারতীয় পেসার।
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন বুমরাহ। ফাইনালে চার উইকেটসহ পুরো টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ ১৪টি উইকেট নেন তিনি। ফাইনালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন এই ডানহাতি পেসার।
অন্যদিকে, পাকিস্তানের তরুণ অফ স্পিনার উসমান তারিক আন্তর্জাতিক ক্রিকেটে নতুন হলেও তার অপ্রথাগত বোলিং অ্যাকশন ইতোমধ্যেই আলোচনায় এসেছে। রানআপ শেষে ডেলিভারি স্ট্রাইডে এসে তিনি অস্বাভাবিকভাবে কয়েক সেকেন্ড থেমে যান, এরপর লো-আর্ম বা সাইড-আর্ম ভঙ্গিতে বল ছাড়েন। এই অদ্ভুত অ্যাকশনই ব্যাটসম্যানদের জন্য তাকে কঠিন প্রতিপক্ষ করে তুলছে।
আরও পড়ুন: দল সংগঠনের চেয়ে বড় নয়–বাংলাদেশ ও পাকিস্তানকে ইঙ্গিত জয় শাহ’র
বিশ্বকাপে নিজের প্রথম আসরেই ছয় ম্যাচে ১০ উইকেট নেন তারিক। তার বোলিংয়ের রহস্যময়তায় অনেক ব্যাটসম্যানই সমস্যায় পড়েছেন।
এই প্রসঙ্গে আকিব জাভেদ বলেন, 'আজকের দিনে পুরো বিশ্বে এমন ব্যতিক্রমী বোলার একজনই আছে—সে বুমরাহ। সে সাধারণ কোনো বোলার নয়। তার অ্যাকশনও অপ্রথাগত। যখন সে বল করতে আসে, আমি বলি—ফাস্ট বোলারদের মধ্যে সে যেন উসমান তারিক।'
বুমরাহর প্রশংসা করে তিনি আরও বলেন, 'সে এত দ্রুত এবং ভিন্নভাবে বল করে যে ব্যাটসম্যানরা তার বিপক্ষে ছন্দ খুঁজে পায় না। সে কাউকেই সেই সুযোগ দেয় না।'
পাকিস্তানের হয়ে ২২টি টেস্ট ও ১৬৩টি ওয়ানডে খেলা আকিব জাভেদের মতে, বর্তমান ক্রিকেটে বুমরাহর মতো বোলার খুবই বিরল। তার ভাষায়, 'এখনকার সময়ে এমন কোনো বোলারের নাম বলা কঠিন, যার মধ্যে ওয়াসিম আকরাম বা ওয়াকার ইউনিসের ছায়া দেখা যায়। বুমরাহই সেই বিরল প্রতিভাদের একজন।'

৪ সপ্তাহ আগে
৮








Bengali (BD) ·
English (US) ·