বিয়ে বাড়িতে সাউন্ড বক্স ভাড়া নিয়ে সংঘর্ষে আহত ৫

৬ দিন আগে
বরিশালের বাকেরগঞ্জে একটি বিয়ে বাড়িতে সাউন্ড বক্স ভাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

এ ঘটনায় মামলা দায়েরের পর শনিবার (১৮ এপ্রিল) বাকেরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মো. রায়হান (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে।


সংঘর্ষে আহতরা হলেন: রাজিব হোসেন (২৬), ইউসুফ খন্দকার (৪৫), মনির খন্দকার (২৩), হোসনেয়ারা বেগম (৩৫) ও হাফিজুল (৩৯)।


মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার নিয়ামতি ইউনিয়নের পূর্ব কৃষ্ণনগর গ্রামে জাহাঙ্গীর খন্দকারের মেয়ের বিয়ের অনুষ্ঠান শেষে মেহমানদের বিদায় দিচ্ছিলেন পরিবারের সদস্যরা।


আরও পড়ুন: বিয়েবাড়িতে উচ্চশব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষে, আহত ৪


এ সময় সাউন্ড বক্সের অতিরিক্ত ভাড়া দাবি করা নিয়ে একই গ্রামের আব্দুর রব মৃধার ছেলে মো. রানা মৃধার সঙ্গে জাহাঙ্গীর খন্দকারের বাকবিতণ্ডা হয়। এর জেরে সন্ধ্যা ৬টার দিকে রানা মৃধা ও তামিম মৃধার নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়।


হামলাকারীরা জাহাঙ্গীর খন্দকারকে মারধর শুরু করলে পরিবারের সদস্যরা বাধা দিতে আসেন। এ সময় হামলাকারীরা রামদা ও লাঠিসোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে পাঁচজনকে জখম করেন এবং বিয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেন।


শনিবার (১৮ এপ্র‍িল) রাতে এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্র‍াপ্ত (ওসি) খন্দকার কে এম সোহেল রানা জানান, ‘বিয়ে বাড়িতে হামলা ও আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন