বিশ্বকাপের সেরা একাদশে ভারতের চারজন, পাকিস্তানের ফারহান থাকলেও নেই নিউজিল্যান্ডের কেউ

৪ দিন আগে
আহমেদাবাদে ফাইনালের মধ্য দিয়ে গত রোববার (৮ মার্চ) পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এরপরই টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যে একাদশে জায়গা পেয়েছেন ভারতের ৪ ক্রিকেটার। পাকিস্তান থেকে শাহিবজাদা ফারহান একাদশে থাকলেও জায়গা হয়নি রানার্সআপ দল নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারের। এছাড়া জিম্বাবুয়ে থেকে জায়গা পেয়েছেন ব্লেসিং মুজারাবানি।

নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে ভারত। শিরোপাজয়ী দল থেকে আইসিসির সেরা একাদশে জায়গা পেয়েছেন জসপ্রীত বুমরাহ, সাঞ্জু স্যামসন, ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়া। 

 

শেষ তিন ম্যাচের তিনটিতেই হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন সাঞ্জু স্যামসন। দুর্দান্ত পারফরম্যান্স করে জিতেছেন ‍টুর্নামেন্ট সেরার পুরস্কার। অন্যদিকে বল হাতে দুর্দান্ত ছিলেন জসপ্রীত বুমরাহ। ফাইনাল ম্যাচে মাত্র ১৫ রান খরচায় ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। পুরো আসরে উইকেট শিকার করেছেন ১৪টি। ঈশান কিষানও ছিলেন দুর্দান্ত ছন্দে, আর ব্যাটে-বলে দুই বিভাগেই কার্যকরী ছিলেন হার্দিক পান্ডিয়া। 

 

আরও পড়ুন: পাকিস্তানকে খোঁচা মারতেই কী চায়ের কাপ হাতে ছবি পোস্ট বরুণ চক্রবর্তীর?

 

আইসিসির সেরা একাদশে ওপেনিংয়ে স্যামসনের সঙ্গী পাকিস্তানের শাহিবজাদা ফারহান। এবারের বিশ্বকাপে জোড়া সেঞ্চুরি করে নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। ৬ ইনিংসে ৭৬.৬০ গড় আর ১৬০-এর ওপর স্ট্রাইক রেটে করেছেন রেকর্ড ৩৮৩ রান। অন্যদিকে স্যামসন ৫ ইনিংসে প্রায় ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করে ৩২১ রান করেছেন। 

 

দুই সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন দুজন করে ক্রিকেটার। টুর্নামেন্টে এইডেন মার্করামের ব্যাট থেকে এসেছে ২৮৬ রান, আর পেসার লুঙ্গি এনগিডি নিয়েছেন ১২ উইকেট। অন্যদিকে ইংলিশ ব্যাটার উইল জ্যাকস চার ম্যাচে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। অন্যদিকে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ নিয়েছেন ১৩ উইকেট। 

 

আরও পড়ুন: ক্রিকেটারদের জন্য বিসিবির ঈদ উপহার

 

ওয়েস্ট ইন্ডিজ থেকে জায়গা পেয়েছেন জেসন হোল্ডার। এবারের বিশ্বকাপে বল হাতে নজর কেড়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। দ্বাদশ খেলোয়াড় হিসেবে সেরা একাদশে আছেন যুক্তরাষ্ট্রের শ্যাডলি ফন শালকভিক। 

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ: সাহিবজাদা ফারহান, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, এইডেন মার্করাম, হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, জেসন হোল্ডার, যশপ্রীত বুমরা, লুঙ্গি এনগিডি, আদিল রশিদ ও ব্লেসিং মুজারাবানি। 

 

দ্বাদশ খেলোয়াড়: শ্যাডলি ফন শালকভিক।

]]>
সম্পূর্ণ পড়ুন