বিশ্বকাপের আগে ফ্লোরিডায় নাগরিক অধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ

২ সপ্তাহ আগে
২০২৬ ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই নানা বিতর্কে জর্জরিত। এবার ফ্লোরিডার নাগরিক অধিকার নিয়ে উঠেছে প্রশ্ন। অঙ্গরাজ্যটিতে পর্যটক এবং ফুটবলপ্রেমীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেশ কয়েকটি নাগরিক অধিকার সংগঠন। ভ্রমণের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শও দিয়েছে তারা। মূলত ফ্লোরিডার কঠোর অভিবাসন নীতি এবং বর্ণবৈষম্যের আশঙ্কায় এই সতর্কতা দেওয়া হয়েছে।

২০২৬ সালের ফুটবল মহোৎসবের অন্যতম ভেন্যু ফ্লোরিডা। কিন্তু মাঠের বাঁশি বাজার আগেই নানা ইস্যুতে উত্তপ্ত সেখানকার হাওয়া। বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা যখন টিকিট আর হোটেল বুকিং নিয়ে ব্যস্ত, ঠিক তখনই ফ্লোরিডা ভ্রমণে উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক অধিকার রক্ষা বিষয়ক সংগঠনগুলো।

 

ফ্লোরিডা ইমিগ্র্যান্ট কোয়ালিশন ও আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটির মতো সংস্থাগুলোর দাবি, বর্তমান প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং পুলিশের যত্রতত্র তল্লাশি পর্যটকদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করেছে। তাদের মতে, কোনো কারণ ছাড়াই কেবল চেহারা বা ভাষার ওপর ভিত্তি করে পর্যটকদের আটক বা জিজ্ঞাসাবাদের ঘটনা বাড়তে পারে।

 

এ বিষয়ে ফ্লোরিডা ইমিগ্র্যান্ট কোয়ালিশনের নির্বাহী পরিচালক টেসসা পেটিট বলেন, ‘ফ্লোরিডা এখন আর আন্তর্জাতিক পর্যটকদের জন্য নিরাপদ কোনো গন্তব্য নয়। যখন পুলিশ বা ফেডারেল এজেন্টরা যেকোনো সময় কাউকে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই আটক করতে পারে, তখন সবাই ঝুঁকির মুখে। আমরা ফুটবল প্রেমীদের বলবো, ফ্লোরিডায় আসার আগে দুবার ভাবুন।’

 

আরও পড়ুন: বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ আর্জেন্টিনার

 

সংগঠনগুলো বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে যাওয়া দর্শকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এমনকি বৈধ ভিসা থাকলেও পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। মানবাধিকার কর্মীদের অভিযোগ, ফ্লোরিডার বিতর্কিত অভিবাসন আইন এবং ‘স্ট্যান্ড ইওর গ্রাউন্ড’ আইনের অপব্যবহার করে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে।

 

ফ্লোরিডার মায়ামিতে বিশ্বকাপের বেশকিছু গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। বিপুল পরিমাণ পর্যটকের উপস্থিতি যখন অঙ্গরাজ্যটির অর্থনীতির জন্য আশীর্বাদ হওয়ার কথা, তখন এই ভ্রমণ সতর্কতা বড় এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফিফাকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে নাগরিক সংগঠনগুলো।

 

আরও পড়ুন: রোনালদোকে কড়া বার্তা সৌদি লিগের

 

বিশ্বকাপের আনন্দ যাতে কারো জন্য বিষাদে পরিণত না হয়, সেজন্যই আগাম এই সতর্কতা। তবে ফ্লোরিডা কর্তৃপক্ষ দাবি করছে, আইন মেনে চললে দর্শনার্থীদের ভয়ের কোনো কারণ নেই। নাগরিক সংগঠনগুলোর এই সতর্কবার্তার পর ফিফা বা ট্রাম্প প্রশাসন কোনো পদক্ষেপ নেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।

]]>
সম্পূর্ণ পড়ুন