মঙ্গলবার (৩ মার্চ) রাত সোয়া ১১টার দিকে বিরামপুর রেলগুমটি (ঘোড়াঘাট রেল ক্রসিং) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফিড বোঝাই একটি ট্রাক রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে রেললাইনের ওপর আটকা পড়ে। ট্রাকের চালক ও হেলপার দ্রুত সেটি সচল করার চেষ্টা চালাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে খুলনাগামী আন্তঃনগর 'সীমান্ত এক্সপ্রেস' (স্থানীয়ভাবে খুলনা এক্সপ্রেস হিসেবে পরিচিত) দ্রুতগতিতে চলে আসে। ট্রেনটি বিকল ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে সেটি রেললাইন থেকে ছিটকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ট্রাকের চালক আল আমিন আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে ট্রাকের হেলপার অক্ষত আছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: অরক্ষিত ১৬৭ রেলক্রসিং যেন মৃত্যুকূপ, বাঁকে বাঁকে ঝুঁকি
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর কিছুক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে রেল যোগাযোগ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।'
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

১ সপ্তাহে আগে
৪







Bengali (BD) ·
English (US) ·